
আন্তর্জাতিক ডেস্ক :
কাশ্মীর ইস্যুতে চীন যেন নাক না গলায় বলে সতর্ক করেছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেছেন, জুম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। পুরো বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। কাশ্মীর সংকট নিয়ে চীন যেন অনধিকার চর্চা না করে।
গত শুক্রবার ইসলামাবাদে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং বলেছেন, ‘কাশ্মীরিদের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায় বিচারের দাবিতে আমরা চেষ্টা চালাচ্ছি আমরা। দ্রুত কাশ্মীর সমস্যার যৌক্তিক সমাধান হওয়া উচিত। এই ইস্যুতে এবং আঞ্চলিক শান্তির লক্ষ্যে পাকিস্তানের পাশে রয়েছে চীন।’
চীনা রাষ্ট্রদূতের এমন মন্তব্যে উষ্ণ হয়ে ওঠে দিল্লি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ সভায় কাশ্মীর ইস্যু উত্থাপন করে বেইজিং। ভারত সরকার কর্তৃক অধিকৃত কাশ্মিরের সাংবিধানিক মর্যাদা বাতিলের পর চীনের প্রস্তাব অনুযায়ী, নিরাপত্তা পরিষদে এ নিয়ে আলোচনা হয়।
জাতিসংঘে দেয়া ভাষণে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছিলেন, জাতিসংঘের সনদ মেনেই কাশ্মীর সমস্যা সমাধান হওয়া উচিত। একতরফাভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভারত ও পাকিস্তান মিলে এ সমস্যার সমাধানে যাওয়া উচিত বলে মনে করে চীন। কাশ্মীর বিষয়ে যৌক্তিক সমাধান ও আঞ্চলিক শান্তি দেখতে আগ্রহী চীন।
