
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কাশ্মীরের জনগণের বিশেষ মর্যাদা বাতিল করে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে দেশটির পার্লামেন্ট। খবর আনন্দবাজার, এই সময়, ইন্ডিয়ান এক্সপ্রেস।
সোমবার সংসদে কাশ্মীরীদের বিশেষ মর্যাদা বাতিলের প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে সঙ্গে বিরোধীদলগুলো এর বিরোধিতা করে স্লোগান দিতে থাকে। শুরু হয় তুমুল হইচই। কয়েক মিনিটের জন্য মুলতুবি হয়ে যায় অধিবেশন। পরে ফের অধিবেশন শুরু হলে, বিরোধীদের হই হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে রবিবার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ রাজ্যের একাধিক শীর্ষনেতাকে গৃহবন্দি করা হয়। গ্রেফতারও হয়েছেন কেউ কেউ। উপত্যকাজুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। চরম উৎকণ্ঠা আর উদ্বেগের মধ্যে বিজেপি সরকার কাশ্মীরীদের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা বিলোপ করে।
এর আগে কাশ্মীর নিয়ে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৈঠক হয় নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটিরও। সোমবার মূল বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাদা করে দেখা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পর দেখা করেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদও।
