শেষ হজ ফ্লাইটগুলো ছেড়ে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ফাতেহ ডেস্ক

প্রায় আট মাস আগে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর, সৌদি আরব ও বাংলাদেশের হজ চুক্তির মাধ্যমে হজের যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল, তার প্রথম পর্বের যবনিকাপাত হচ্ছে আজ। বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে আজ (সোমবার) শেষ হজ ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাচ্ছে।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ পালন করবেন এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। সোমবার (৪ আগস্ট) পর্যন্ত মোট এক লাখ ২২ হাজার ৫২৬ জন সৌদি আরব পৌঁছেছেন।

তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৯১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৫ হাজার ৬১০ জন। রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১৭৪টিসহ মোট ৩৫০টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয়।

ধর্ম মন্ত্রণালয় ও হাব কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় চলতি বছরের হজ কার্যক্রম বলতে গেলে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। অন্যান্য বছর জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হলেও চলতি বছর হজযাত্রীদের অনেকেরই সৌদি অংশের ইমিগ্রেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হয়। ফলে এ বছর হজযাত্রীদের এহরাম বাঁধা অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষার প্রহর গুনতে হয়নি।

সোমবার আশকোনা হজক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সালে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা ছিল মাত্র ৫৮ হাজার ৬২৮ জন। এক দশক পর চলতি বছর হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জন।’

উল্লেখ্য, আগামী ১১ আগস্ট পবিত্র হজ পালিত হবে। এরপর দ্বিতীয় পর্বে আগামী ১৭ আগস্ট থেকে পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হজযাত্রীরা দেশে ফিরতে শুরু করবেন। ফিরতি শেষ হজ ফ্লাইট আগামী ১৫ সেপ্টেম্বর।

আগের সংবাদকায়রোতে চতুর্মুখী গাড়ির সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ১৭
পরবর্তি সংবাদকাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করল ভারতের পার্লামেন্ট