
আন্তর্জাতিক ডেস্ক
ভারতে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীরকে যেমন বিশেষ স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল, তেমনি সংবিধানের ৩৭১ অনুচ্ছেদের বিভিন্ন অনুচ্ছেদে কয়েকটি রাজ্যকে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। কিন্তু ৫ আগস্ট কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে দেওয়ার পর থেকে দেশটির উত্তর–পূর্বের রাজ্যগুলোয় ৩৭১ ধারা অনুযায়ী তাদের বিশেষ সুরক্ষা হারানোর উদ্বেগ বাড়ছে। খবর স্ক্রল ডট ইন।
গত সোমবার সন্ধ্যায় মিজোরামের সাবেক মুখ্যমন্ত্রী লাল থানহাওলা জম্মু ও কাশ্মীরের ঘটনাকে উত্তর–পূর্ব রাজ্যগুলোর জন্য ‘রেড অ্যালার্ট’ বলে উল্লেখ করেন।
জম্মু ও কাশ্মীরের ভাগ্যে যা ঘটেছে, তা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগে আছে নাগাল্যান্ড রাজ্য। সেখানকার উদ্বেগের বিষয়টি ধরতে পেরে গত রোববার রাজ্যটির নতুন নিয়োগ পাওয়া গভর্নর আর এন রবি একটি বিবৃতি দেন। তাতে তিনি বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেন। তিনি বলেন, ৩৭১ (এ) অনুচ্ছেদে নাগাল্যান্ডের জন্য যেসব বিভাগ, তা পবিত্র অঙ্গীকার দ্বারা সুরক্ষিত।
৩৭১ অনুচ্ছেদে উত্তর–পূর্ব অঞ্চলের অধিকাংশ ক্ষেত্রে উপজাতি সম্প্রদায় ও তাদের সংস্কৃতিকে সুরক্ষার কথা বলা হয়েছে। এতে ওই সব রাজ্যে বিকেন্দ্রীভূত প্রশাসন ও নির্দিষ্ট মাত্রায় প্রশাসনিক স্বায়ত্তশাসন সুবিধা রয়েছে। এ ছাড়া স্থানীয় নিয়ম অনুযায়ী মামলা নিষ্পত্তির সুবিধাও রয়েছে। এর মধ্যে কিছু আইনে ওই রাজ্যের বহির্ভূত কোনো নাগরিকের কাছে জমি হস্তান্তরে বিধিনিষেধ রয়েছে। মিজোরাম, নাগাল্যান্ড ও আসামের কিছু অংশ, মণিপুর ও মেঘালয়ে এসব বিধি কার্যকর।
গভর্নর আর এন রবির কথায় তাহলে প্রশ্ন উঠছে, কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ কি অপবিত্র অঙ্গীকার দ্বারা সুরক্ষিত ছিল?
