‘কাশ্মীরে শিগগিরই স্বাধীনতার রক্তিম সূর্য উদিত হবে’

আন্তর্জাতিক ডেস্ক

স্বাধীনতার জন্য কাশ্মীরের যুবক, তরুণ, বৃদ্ধসহ শিশুরা পর্যন্ত নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে, এ আত্মত্যাগ ব্যর্থ হতে পারে না বলে মন্তব্য করেছেন কাশ্মীরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের(এপিএইচসি) প্রধান সাইয়েদ আলী গিলানি। তিনি বলেন, খুব শিগগিরই স্বাধীনতার রক্তিম সূর্য উদিত হবে।

সোমবার গৃহবন্দী অবস্থা থেকে কাশ্মীরি জনগণের প্রতি লেখা এক চিঠিতে ভারতের বিরুদ্ধে চলমান প্রতিরোধ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন তিনি।

কাশ্মীরিদের উদ্দেশে হুররিয়তের এ নেতা বলেন, নিজেদের অধিকার রক্ষায় আপনারা ত্যাগ স্বীকার করছেন, এ ত্যাগ কখনও নিষ্ফল হবে না।

সাইয়েদ আলী গিলানি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস, অতি শিগগিরই কাশ্মীর স্বাধীনতা লাভ করবে। নিজেদের আত্মপরিচয়, ধর্ম ও জাতীয়তার বিষয়ে কোনো সমঝোতা করা যাবে না। আমাদের লক্ষ্য অর্জনে জম্মু, কাশ্মীর ও লাদাখের প্রতিটি নাগরিককে সীসাঢালা প্রাচীরের ন্যায় এক থাকতে হবে।

কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই ভাগ করে ফেলার পর থেকেই গৃহবন্দী অবস্থায় রয়েছেন হুররিয়ত নেতা সৈয়দ আলী শাহ গিলানি।

এর আগে ভারতীয় অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ ও কাশ্মীরের স্বাধীনতার ডাক দিয়ে ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি।

গিলানির ৫ দফা কর্মসূচির মধ্যে রয়েছে, ভারতীয় নৃশংসতার বিরুদ্ধে জম্মু-কাশ্মীরের নাগরিকদের সাহসিকতার সঙ্গে শান্তিপূর্ণ প্রতিরোধ, নিজেদের আত্মরক্ষার্থে সরকারি কর্মকর্তা ও পুলিশের প্রতিবাদ, সারাবিশ্বে ছড়িয়ে থাকা কাশ্মীরিদের দূত হিসেবে কাজ করা, কাশ্মীরিদের স্বাধীনতা সংগ্রামে প্রতিবেশী পাকিস্তানের এগিয়ে আসা এবং জম্মু ও লাদাখের বাসিন্দাদের নিজস্ব পরিচয় ধরে রাখা।

আগের সংবাদ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই
পরবর্তি সংবাদইসলাম-বিদ্বেষ-বিরোধী টিভি চ্যানেলটি বিবিসির মতোই হবে : ইমরান খান