
আন্তর্জাতিক ডেস্ক
কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংকট সমাধান প্রক্রিয়ার বিরুদ্ধে ‘বিদ্রোহ’ বলে অভিহিত করেছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট এবং দেশটির বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফ। সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খবর পাকিস্তান টুডের।
লাহোরে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু মানুষের ধারণা ছিল যে, দ্বিতীয়বার ক্ষমতায় এসে গুজরাটে কয়েক হাজার মানুষের হত্যাকারী মোদি কাশ্মীর ইস্যু সমাধান করবেন। কিন্তু তিনি করলেন উল্টোটা। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও একটি পরীক্ষা। কারণ সম্প্রতি কাশ্মীর ইস্যু সমাধানে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ট্রাম্প এ বিষয়ে সত্যিই মন থেকে সহযোগিতা করতে চেয়েছেন কিনা সেটি তার কাজেই এখন প্রমাণ করতে হবে।
শেহবাজ শরিফ কাশ্মীর সমস্যা সমাধানে এবং নিপীড়িত কাশ্মীরিদের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের বিষয়ে ভারতকে চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
