আজাদ কাশ্মীর, আকসাই চীন ভারতের অন্তর্ভুক্ত, দাবি করলেন অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক

একটু বেশিই কি বলে ফেলছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? প্রশ্নটা এখন উঠতেই পারে আপনার মনে। কারণ আজাদ কাশ্মীর, আকসাই চীনকেও ভারতের অন্তর্ভুক্ত বলে দাবি করেছেন অমিত শাহ।

মঙ্গলবার লোকসভায় দেয়া বক্তৃতায় তিনি বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটি আজাদ কাশ্মীরকেও অন্তর্ভুক্ত করেছে। এটি কোনো রাজনৈতিক উদ্যোগ নয়। পুরো দেশের জন্য আইন প্রণয়নের অধিকার পার্লামেন্টের রয়েছে। ভারতের সংবিধান এবং জম্মু ও কাশ্মীরের সংবিধানেও সেটি অনুমোদিত বলে তিনি মন্তব্য করেন। খবর এনডিটিভির।

এ সময় কংগ্রেস নেতারা তার বক্তব্যের প্রতিবাদ জানান। কংগ্রেস নেতা অধির রঞ্জন চৌধুরী বলেন, জম্মু ও কাশ্মীরকে রাতারাতি ইন্ডিয়ান ইউনিয়নের ভূখণ্ড বলে অন্তর্ভুক্ত করে আইনের লঙ্ঘন ঘটানো হয়েছে। আমি জানি না, আপনি পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর নিয়ে ভাবছেন কিনা, আপনি একটি রাজ্যকে ইউনিয়নের অন্তুর্ভুক্ত করে সব ধরনের নীতির লঙ্ঘন করেছেন।

কংগ্রেস নেতা অধির রঞ্জন চৌধুরীর অভিযোগের জবাবে অমিত শাহ বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই- পুরো জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। যার মধ্যে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর ও আকসাই চীনও রয়েছে। এ ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নেই।

উল্লেখ্য, ভারত ও চীনের মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চল হচ্ছে আকসাই চীন। ভারতের মতে, এটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখের অংশ। অপর পক্ষ চীনের মতে, আকসাই চীন তাদের জিংজিয়াং প্রদেশের অংশ।

আগের সংবাদশুধু চিঠি নয়, কাশ্মীরে পাঠানো যাবে না কোন পার্সেলও
পরবর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদির সিদ্ধান্ত জাতিসংঘের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ : শেহবাজ শরিফ