কাশ্মীর ইস্যুতে পাক-ভারত ক্রিকেটারদের লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

টুইটারে বুমবুম খ্যাত পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক আফ্রিদি টুইটবার্তায় বলেন, জাতিসংঘের নিয়মানুযায়ী কাশ্মীরিদের প্রাপ্য অধিকার দেয়া উচিত। যে স্বাধীনতা আমরা সবাই পেয়ে থাকি। যদি তা না হয়, তাহলে কেন এটি গঠিত হলো? জাতিসংঘ কী ঘুমাচ্ছে? কোনো প্ররোচনা ছাড়াই মানবিকতার বিরুদ্ধে এখানে হিংসা ও অপরাধ চলছে।

আফ্রিদির এমন টুইটের পর ভারতীয় ক্রিকেটাররা ক্ষেপে উঠেছেন আফ্রিদির ওপর।

ভারতীয় বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার ও বর্তমানে বিজেপির সাংসদ গৌতম গম্ভীর বলেন, বিষয়টি সামনে আনার জন্য আফ্রিদির প্রশংসা করা উচিত। সে শুধু একটা বিষয় বলতে ভুলে গেছে, যা ঘটছে সবই পাক অধিকৃত কাশ্মীরে। চিন্তা করার কিছু নেই। সেটিও আমরা ঠিক করে দেব।

ভারতীয় তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলেন, কাশ্মীরের মানুষের প্রতি আমার ভালোবাসা রয়েছে। প্রত্যেকেই শান্তিতে বসবাস করুক সেটাই চাওয়া।

ভারতীয় তারকা ক্রিকেটার সুরেশ রায়না লেখেন, আসলে এটা সময়ের দাবি। সবার প্রতি ভালোবাসা রইল।

ভারতীয় নারী ক্রিকেটার আনজুম চোপড়া টুইটারে লেখেন, ৩৭০ ধারা প্রত্যাহার অবশ্যই একটি ভালো এবং সাহসী পদক্ষেপ। উপত্যকার প্রাণহানি ও অনিশ্চয়তার বিষয়টি অবশ্যই সমাধান করতে হবে।

আগের সংবাদকাশ্মীর নিয়ে সুষমা স্বরাজের শেষ টুইট
পরবর্তি সংবাদকাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিলের সিদ্ধান্তে মোদিকে সমর্থন আরব আমিরাতের