
আন্তর্জাতিক ডেস্ক
জম্মু-কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা বাতিল করে রাজ্য দুটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার যে সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার , তাতে সমর্থন জানিয়েছে মুসলিম অধ্যুষিত আরব অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. আহমেদ আল বান্না বলেছেন, রাজ্যের পুনর্গঠন স্বাধীন ভারতের ইতিহাসে কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। আঞ্চলিক বৈষম্য দূর করে উন্নতির লক্ষ্যে মূলত এটি করা হচ্ছে। ভারতীয় সংবিধান অনুযায়ী এটি একটি অভ্যন্তরীণ বিষয়।
মঙ্গলবার ভারতে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের বরাতে এনডিটিভি এ খবর জানিয়েছে।
এনডিটিভি বলছে, মুসলিম অধ্যুষিত আরব অঞ্চলের সংযুক্ত আরব আমিরাতের এমন প্রতিক্রিয়া নিঃসন্দেহে ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভারতের মুসলিম নেতারা যখন বিতর্কিত এ বিলটির মাধ্যমে মুসলিম অধ্যুষিত রাজ্যটিকে নিয়ন্ত্রণে আনার অভিযোগ করছেন, সেই পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের সমর্থনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে বিজেপি সরকার।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ভারতকে সমর্থন জানালেও মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দুই দেশ তুরস্ক ও মালয়েশিয়া এর বিরোধীতা করেছে।
সোমবার ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা (স্বায়ত্বশাসন) বাতিল করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে অবহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির ইমরান খানকে বলেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য অপেক্ষা করছেন। এ অধিবেশনের ফাঁকে তিনি ইমরান খানের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন।
