কাশ্মীর দখলে রাখতে ৩ মাসে ভারতের ৮৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২০১৯-এর জানুয়ারি থেকে মার্চ–৩ মাসে ভারতের জবরদখলকৃত কাশ্মীরে স্বাধীনতাকামীদের হাতে প্রাণ খুইয়েছে ভারতীয় সেনাবাহিনীর ৮৩ সদস্য। অপরূপ সৌন্দর্যমণ্ডিত এ অঞ্চলটিকে নিজেদের জবর দখলে রাখতে গত তিন দশক ধরে স্থানীয়দের ওপর চালাচ্ছে মাত্রাহীন নিপীড়ন। তবে তিন দশকের এ নিপীড়নে এবারই কেবল সবচেয়ে কম সময়ে স্বাধীনতাকামীদের চেয়ে সেনা সদস্যদের প্রাণ ক্ষয় বেশি হয়েছে।

এই তিন মাসে কাশ্মীরে সহিংসতায় সবমিলিয়ে ১৬২ জন নিহত হয়েছেন। একটি মানবাধিকার প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

কোয়ালিশন অব সিভিল সোসাইটি নামের ওই সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ৮৩ জওয়ান, স্বাধীনতাকামী যোদ্ধা ৫৮ এবং ২১ বেসামরিক লোক নিহত হয়েছেন।

এই নিহতের সংখ্যা গত বছরের প্রথম তিন মাসের সংখ্যার চেয়ে অনেক বেশি। ওই সময়ে ১১৯জন নিহত হয়েছিলেন।

১৪ ফেব্রুয়ারি ভারতের একটি আধাসামরিক বাহিনীর ওপর এক কাশ্মীরি তরুণের আত্মঘাতী হামলায় ৪৮ জওয়ান নিহত হয়েছেন। এছাড়াও সাত জওয়ান আত্মহত্যা এবং অন্তঃকোন্দলে আরও তিনজন নিহত হন।

বেসামরিক লোকদের মধ্যে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় সাতজন, সীমান্তে গোলাবিনিময়ে ছয় ও গ্রেনেড ও আইইডি বিস্ফোরণে আরও চারজন নিহত হন।

ভূস্বর্গ বলে খ্যাত অখণ্ড কাশ্মীরকে নিজেদের বলে দাবি করছে পরমাণু শক্তিধর ভারত-পাকিস্তান দুই দেশই। ছোট একটি অংশ অবশ্য চীনেরও দখলে।

১৯৪৭ সালের দেশভাগের পর এ পর্যন্ত তিনটি যুদ্ধের মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। এর মধ্যে ১৯৪৮ ও ১৯৬৫ সালের যুদ্ধ ছিল কাশ্মীর নিয়ে।

১৯৮৪ সাল থেকেই সিয়াচেন হিমবাহে ভারত-পাকিস্তানের সেনাবাহিনী থেমে থেমে লড়াই চালিয়ে যাচ্ছে।

ভারত থেকে স্বাধীন কিংবা পাকিস্তানের সঙ্গে একীভূত হতে বেশ কয়েকটি স্বাধীনতাকামী গোষ্ঠী লড়াই চালিয়ে যাচ্ছে। ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত ব্যাপক সংখ্যক কাশ্মীরি ভারতীয় সেনাবাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

এইচ আর/ 

আগের সংবাদকুয়েতে হাজার বছরের পুরোনো ঐতিহাসিক মসজিদ আবিস্কার
পরবর্তি সংবাদইলহান ওমরকে হত্যার হুমকি দেয়ায় গ্রেপ্তার ট্রাম্পের এক ভক্ত