
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্ট্রগ্রাম উপজেলার কাগজীগ্রামে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফীকে গালিগালাজকে কেন্দ্র করে বাড়ী-ঘরে আগুন, গবাদি পশু লুট ও মারধরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার আজ সকাল দশটায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল কাগজী গ্রাম থেকে মাওলানা খালিদ সাইফুল্লাহ জানান, বিগত কয়েক মাস আগে কাগজী গ্রামের অধিবাসী ও পার্শ্ববতী ফাউন গ্রাম মসজিদের মাজারপন্থী ইমাম মাওলানা জাকির হোসেন কাগজী গ্রামে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করে। মাওলানা আবু সুফিয়ান আল-কাদেরী নামক একজন বিদআতি আলেমকে এই মাহফিলে দাওয়াত করা হয়। উক্ত বক্তা ওয়াজ মাহফিলের বয়ানে আল্লামা শাহ্ আহমদ শফী সম্পর্কে বাজে মন্তব্য করে। এই নিয়ে মাহফিলের আয়োজক মাওলানা জাকির হোসেন-এর সাথে দেওবন্দী ধারার হাফেজ আবু রায়হান, মাওলানা জুনায়েদসহ কয়েকজন কওমী আলেমের কথা কাটাকাটি হয়। তারা এর তীব্র প্রতিবাদ করেন। এরপর মাওলানা জাকির হোসেন ফাউন গ্রামে গিয়ে নিজ মুসল্লীদের কাগজী গ্রামবাসীর বিরুদ্ধে উস্কে দিয়ে হাফেজ আবু রায়হান, মাওলানা জুনায়েদসহ কয়েকজনের বিরুদ্ধে অষ্ট্রগ্রাম থানায় মিথ্যা মামলা দায়ের করে। এরপর পুলিশ মাওলানা আবু রায়হানকে গ্রেফতার করে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এর জের ধরে ফাউন গ্রামের মাজারপন্থী কয়েকশ লোক শনিবার সকাল দশটায় দেশীয় অস্ত্র, দা ও লাঠি নিয়ে কাগজী গ্রামের দেওবন্দী মতাদর্শী কওমী আলেম-উলামা ও তাদের আত্মীয় স্বজনদের উপর হামলা করে মারধর, বাড়ি-ঘরে আগুন দিয়ে গরু-ছাগলসহ গবাদি পশু লুট করে নিয়ে যায়। মনির, মাসুকসহ হামলায় প্রায় অর্ধ শতাধিক নারী-পুরুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অষ্টগ্রামথানায় যোগাযোগ করা হলে ওসি জানান, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। গ্রামে পুলিশ টহল দিচ্ছে।
