কুরআন বুঝার স্বপ্ন নিয়ে আলোর পথে যাত্রা ডা. জাফরুল্লাহর, স্বাগত!

ফাতেহ ডেস্ক:

ঘরে ফিরলেন গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ। পুত-পবিত্র হয়ে সবক নিলেন নূরানী কায়েদার। পথ চলতে শুরু করলেন আলোকের দিকে। হাতে কায়দা, কুরআন পড়ার এবং বুঝার স্বপ্ন। তার আলোকের পথে পা বাড়ানোয় আনন্দিত, উচ্ছ্বসিত ধর্মীয় মহল। তাকে স্বাগত জানিয়ে দ্যুতি ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের শুভেচ্ছাবার্তা।

জামিয়া নূরিয়া কামরাঙ্গিরচর মাদরাসার শিক্ষক ও ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া কামরাঙ্গীরচর ঢাকার যুগ্মমহাসচিব আ ফ ম আকরাম হোসাইন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাজধানী ঢাকার আল আকসা জামে মসজিদের (হাক্কানী মসজিদের) মোয়াজ্জিন হাফেজ আনিসুর রহমানের কাছে তওবা পড়েন ও নূরানী কায়েদার সবক নেন।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী কোরআন হাদিস ও ইসলাম নিয়ে আর কোনো মন্তব্য না করার ঘোষণা দিয়ে তওবা করেন। তিনি ধানমন্ডির আল আকসা মসজিদে এসে প্রথমে অজু করেন। এরপর মসজিদের মোয়াজ্জেন হাফেজ আনিসুর রহমানের কাছে আউজুবিল্লাহ- বিসমিল্লা পড়ে তওবা করেন। রাব্বি জিদনী ইলমা পড়ে কুরআন শিক্ষার জন্যে নূরানী কায়দায় সবক নেন।

নূরানী কায়েদার সবক গ্রহণের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা আনোয়ার খান।

এর আগে পবিত্র কোরআন শরীফ ও ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে জানার জন্য পড়াশুনা করছেন বলে বিবৃতি দিয়েছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার ঘরে ফেরা হোক শুভ সুন্দর। আলোকের পথে যাত্রা হোক গতিশীল, দুর্বিনীত।

আগের সংবাদতৃতীয় দিনে টিকা নিয়েছেন লক্ষাধিক মানুষ
পরবর্তি সংবাদমাওলানা জসিম উদ্দীনের উপর হামলাকারীদের উপযুক্ত শাস্তি দিতে হবে : হেফাজত মহাসচিব