
ফাতেহ ডেস্ক :
আগামী ১ জানুয়ারি শূন্য হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালকের (ডিজি) পদ। বর্তমান ডিজি সামীম মোহাম্মদ আফজালের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়ার পর কে হচ্ছেন নতুন মহাপরিচালক (ডিজি)? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে নতুন ডিজি হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আব্দুল হামিদ জমাদ্দার, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ইফার পরিচালক মহিউদ্দিন মজুমদার এবং ইফার সাবেক উপপরিচালক ড. আব্দুল্লাহ আল মারুফের নাম আলোচনায় রয়েছে।
ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে তিনজনের নাম প্রস্তাব করে একটি তালিকা পাঠানো হয়েছে। তার মধ্যে ইফার মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের সাবেক পরিচালক বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সমন্বয়) ড. আব্দুল হামিদ জমাদ্দারের নামও রয়েছে। কিন্তু নিয়োগের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের। যদি প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব চায় তাহলে সে ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয় প্রস্তাব পাঠাতে পারে। অন্যথায় ধর্ম মন্ত্রণালয়ের এ ক্ষেত্রে কিছুই করার নেই।
নতুন ডিজি হিসেবে নিয়োগের ক্ষেত্রে এ পর্যন্ত যাদের নাম আলোচনায় এসেছে তাদের মধ্যে ড. আব্দুল হামিদ জমাদ্দারকেই ডিজি হিসেবে নিয়োগের সম্ভাবনার কথা বেশি শোনা যাচ্ছে। এ ছাড়া ইফার বায়তুল মোকাররম মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মহিউদ্দিন মজুমদারের ডিজি বা ভারপ্রাপ্ত ডিজির দায়িত্ব পাওয়ার বিষয় আলোচনায় রয়েছে। ইফার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের নাম আলোচনায় এলেও বয়স বেশি হওয়ার কারণে তার নিয়োগ পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন কেউ কেউ। অন্য দিকে ইফার সাবেক উপপরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারুফ ইফার ডিজি পদের জন্য আগ্রহী বলে শোনা যাচ্ছে।
তবে এ পদে নিয়োগের বিষয়টি শেষ পর্যন্ত সরকারের শীর্ষপর্যায়ের পছন্দের ওপরই নির্ভর করবে বলে মনে করছেন অনেকেই।
