আন্তর্জাতিক ডেস্ক :
চলতি বছরের ক্রিসমাস উদযাপনে গাজা উপত্যকার খ্রিস্টানদের বেথেলহেম ও জেরুজালেমের মতো পবিত্র শহরগুলোতে ভ্রমণের সুযোগ দেয়া হবে না। ফিলিস্তিনিদের সঙ্গে সামরিক যোগাযোগ বিষয়ক একজন মুখপাত্র এমন তথ্য দিয়েছেন। খবর রয়টার্স।
ওই মুখপাত্র বলেন, ‘নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে গাজাবাসীকে ইসরাইলের অ্যালেনবি ব্রিজের সীমান্ত দিয়ে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেয়া হচ্ছে। কিন্তু ইসরাইল ও পশ্চিমতীরের শহরগুলোতে তারা ভ্রমণ করতে পারবেন না।’
ইসরাইলি মানবাধিকার গোষ্ঠী গিশা বলছে, ফিলিস্তিনি ভূখণ্ডের দুটি অংশের মধ্যে প্রবেশ নিষেধাজ্ঞায় কড়াকড়ি আরোপ করতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পশ্চিমতীর ও গাজাকে বিচ্ছিন্ন করার নীতিকে আরও তীব্রতর করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০ লাখ জনগোষ্ঠীর সরু উপকূলীয় উপত্যকাটিতে হাজারখানেক খ্রিষ্টান ধর্মাবলম্বী রয়েছেন। তাদের অধিকাংশই গ্রিক অর্থোডক্স। ইসরাইলের এমন উদ্যোগের নিন্দা জানিয়েছেন খ্রিষ্টান নেতারা। সিদ্ধান্ত পরিবর্তনে ইসরাইলি কর্তৃপক্ষের কাছে তারা আবেদন করবেন বলে জানিয়েছেন।
