
ফাতেহ ডেস্ক :
ভোলায় তৌহিদি জনতার উপর পুলিশি হামলার তীব্র নিন্দা এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে আলোচনা সভা করেছে আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ। গত ২০ অক্টোবর রোববার সাভার জাতীয় অন্ধসংস্থা মসজিদে সাভার আশুলিয়া ধামরাই ৭নং জোন আয়োজিত আলোচনা সভায় কাদিয়ানিদের অপপ্রচার ও বিভ্রান্তি থেকে সাধারণ মানুষকে বাঁচানোর এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার পাশাপাশি বক্তারা ভোলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সেক্রেটারী আল্লামা নুরুল ইসলাম বলেছেন, কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম দাবি করে নিজেদের বাতিল ধর্ম বিশ্বাস প্রচার করছে। এভাবে তারা সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করছে৷ তাদেরকে কাদিয়ানি বানানোর ষড়যন্ত্র করছে৷ এমনকি তারা ভুল ব্যাখ্যা সম্বলিত কুরআনের তাফসির রচনা করে বিতরণ করছে৷ এ অবস্থায় কাদিয়ানিদের ষড়যন্ত্র কোন অবস্থায়ই মেনে নেয়া যায় না৷ তাদেরকে অমুসলিম ঘোষণা করে মুসলমানদের ঈমান-আকিদা সংরক্ষণ করতে হবে৷ বিভ্রান্তি থেকে রক্ষা করতে হবে৷ না হলে এদেশের তৌহিদি জনতা আন্দোলন গড়ে তুলবে৷
উক্ত আলোচনা সভায় আল্লামা মহিউদ্দিন রব্বানীর সভাপতিত্বে ও মুফতি সুলতান মাহমুদ ও মুফতি আলী আকরামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আলী আজম, মাওলানা কাওসার হুসাইন, মাওলানা আলী আশরাফ, মাওলানা মাহবুব গুলজার, মাওলানা কবীর হুসাইন প্রমুখ৷
