
ফাতেহ ডেস্ক
কেরাণীগঞ্জে বিশেষ আদালত বসিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচারকাজ পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছে অবকাশকালীন বেঞ্চ। এ বিষয়ে আজ শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।
সোমবার শুনানিতে সম্পূরক নথিপত্র দাখিল করার জন্য সময় চান খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর আদালত শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেন। হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ধার্য করেন। ২৬শে মে আদালতের অনুমতি নিয়ে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আদালত স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করেন। পরের দিন শুনানিতে মামলায় হাইকোর্টের আদেশের পর দুর্নীতি দমন কমিশনকে পক্ষভুক্ত করা হয়।
প্রসঙ্গত, গত মাসে কেরানীগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় কারাগারের সামনের ভবনে শুরু হয় গ্যাটকো দুর্নীতি মামলার কার্যক্রম। তবে, মামলার অন্যতম প্রধান আসামি খালেদা জিয়ার অনুপস্থিতির ফলে আসামিপক্ষের সময় আবেদনের পর মামলার কার্যক্রম ১৮ই জুন পর্যন্ত মুলতুবি করেন আদালত। কেরাণীগঞ্জে নবনির্মিত কারাগারের সামনে ২নং ভবনে স্থাপিত এই অস্থায়ী আদালতের এজলাসেই বিচার চলবে বেগম খালেদা জিয়াসহ অন্যান্যদের বিরেুদ্ধে দায়ের করা গ্যাটকো, নাইকো, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলাসহ ১৭ টি মামলার।
