
ফাতেহ ডেস্ক
সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় তার সন্তানদের বিপুল অংকের অর্থ দিয়েছে সৌদি আরব। এককালীন প্রায় দশ মিলিয়ন ডলারের (৮০ কোটি টাকার বেশি) বাড়ি পেয়েছেন তারা।
এছাড়া প্রতি মাসে কয়েক লাখ টাকা করে দেয়া হচ্ছে খাশোগির সন্তানদের। ইতিমধ্যে কয়েক মাসের অর্থ পরিশোধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। মঙ্গলবার (২ এপ্রিল) আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, খাশোগির সন্তানদের প্রতি মাসে যে অর্থ দেয়া হচ্ছে তা ছয় অংকের (১০ হাজার ডলার) বেশি। সে হিসেবে মাসে কমপক্ষে ৮ লাখ টাকার বেশি পাচ্ছেন তারা।
সৌদি আরবের বিচার ব্যবস্থায় অনুযায়ী, কোনো ব্যক্তিকে হত্যা করা হলে সেই অপরাধের জন্য ‘মৃত্যুর বদলে মুত্যু’ অনুসরণ করা হয়। অর্থাৎ হত্যাকারীকে হত্যা করা হয়।
তবে নিহত ব্যক্তির উত্তরসূরীরা যদি অর্থের বিনিময়ে ওই অপরাধীকে মাফ করে দিতে চায় তাহলে তার ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে। এ পদ্ধতিকে ‘ব্লাড মানি’ বা ‘রক্তের মূল্য’ বলা হয়ে থাকে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, খাশোগির সন্তানদের রক্তের মূল্য দেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কের সৌদি দূতাবাসে হত্যা করা হয়। সৌদি আরব থেকে প্রশিক্ষিত ব্যক্তিরা সেখানে গিয়ে তাকে হত্যা করে।
