গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের সাথে নাজিরপুর উলামা পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

ফাতেহ ডেস্ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপির সাথে ২৪বেইলী রোডের সরকারি বাসভবনে নাজিরপুর উলামা পরিষদের (পিরোজপুর) আমীর জামিয়া ইমাম বুখারীর প্রিন্সিপাল মুফতী ওয়াহীদুল আলমের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল শনিবার (১৩ জুলাই) রাত দশটায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। দুঘন্টার অধিক সময় ধরে চলা এ সাক্ষাতে মন্ত্রী মসজিদ মাদ্রাসার উন্নয়নসহ উলামায়ে কেরামের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দেন।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সর্বান্তঃকরণে বিশ্বাস করেন কওমী শিক্ষাধারার মাধ্যমে এ উপমহাদেশে শিক্ষার আলো ছড়িয়েছে। এ কারণেই তিনি বিভিন্ন মহলের প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও কওমী সনদের স্বীকৃতি দিয়েছেন। ইজতেমা ময়দান ও কাকরাইল মসজিদের জায়গা প্রদান, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের সেবায় করা অসংখ্য কাজের জন্য তিনি বঙ্গবন্ধুকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে অরাজনৈতিক সেবামূলক এ সংগঠনের নেতৃবৃন্দ মন্ত্রী মহোদয়কে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ও মানবসেবায় তাদের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন। বিশেষ করে গরীব রোগীদের সুচিকিৎসা, অসহায় দুঃস্থ পুনর্বাসন, এতিম ও বিধবাদের সহায়তা প্রদান, সামাজিক বনায়ন কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষ রোপণ, ইফতার বিতরণ, কুরআন শিক্ষা কার্যক্রম, যৌতুকবিহীন বিবাহ, সন্ত্রাস ও মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করার বিভিন্ন স্থানে মাহফিল আয়োজনসহ নাজিরপুরের মাটি ও মানুষের সর্বাঙ্গীণ কল্যাণে নিজ পকেটের টাকা খরচ করে বাস্তবায়িত হওয়া কার্যক্রমের বর্ণনা শুনে গণপূর্ত মন্ত্রী অভিভূত হন এবং আদর্শ সমাজ ও জাতি গঠনে তাদের মিশন চালিয়ে নেওয়ার উৎসাহ প্রদান করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন সেক্রেটারি জেনারেল মুফতী আ. রহীম কাসেমী, নায়েবে আমীর মাওলানা রিয়াজুল ইসলাম মুনীর, মাওলানা ফেরদাউস আহমাদ, মুফতী ইলিয়াস, জয়েন্ট সেক্রেটারি মুফতী সাখাওয়াত হোসাইন সহ মাওলানা আতীকুর রহমান, মুফতী আবুল হাসান, মুফতী কামরুল ইসলাম আরেফী, মুফতী মুসলেহ উদ্দিন, মুফতী ইলিয়াস আহমাদ, মুফতী আবদুল্লাহ ফিরোজী, হাফেজ ফজলুর রহমান, মুফতী নাসির উদ্দিন, মুফতী হাবিবুল্লাহ মিসবাহ প্রমুখ নেতৃবৃন্দ।

আগের সংবাদইসমাইল হোসেন সিরাজী : বাংলার রাজনীতি ও সাহিত্যের উত্তম পুরুষ
পরবর্তি সংবাদবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি নিয়ে নানামুখী চাপে শিক্ষা মন্ত্রণালয়