গাজাবাসীর মাছ ধরার অধিকারও সংকুচিত করলো ইসরায়েল

ফাতেহ ডেস্ক

অবরুদ্ধ গাজার উপকূলীয় ফিলিস্তিনিদের জন্য এবার মাছ ধরার এলাকাও সংকুচিত করে দিয়েছে ইসরায়েল। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত ১৫ নটিক্যাল মাইলের পরিবর্তে মাছ ধরার এলাকা মাত্র ছয় কিলোমিটারের মধ্যে সীমিত থাকবে।

গাজা থেকে রকেট হামলার অজুহাত দেখিয়ে এ অন্যায় পদক্ষেপ নিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, আজ মঙ্গলবার বলা হয়েছে, গাজার অনুমোদিত মাছ ধরার এলাকা সীমিত করা হয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রোনেন ম্যানেলিস দাবি করেছেন, ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন উত্তর গাজা থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রকেট ছুড়েছে।

তিনি দাবি করেন, গাজা উপত্যকায় যে যুদ্ধবিরতি চলছে তা নস্যাৎ করার জন্য জিহাদ আন্দোলন ওই রকেট ছুড়েছে। রকেট ছোড়ার জন্য সুনির্দিষ্টভাবে জিহাদ আন্দোলনের কমান্ডার বাহা আবু আল-আতাকে দায়ী করেন ইসরায়েলের ওই কর্মকর্তা।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর এক নারী মুখপাত্র দাবি করেছেন, গাজা থেকে ছোড়া রকেট উপকূল হতে কয়েক কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের ভেতরে পড়েছে।

আগের সংবাদ১০ হাজার কোটি টাকার ৭ প্রকল্প একনেকে অনুমোদন
পরবর্তি সংবাদহালাল পর্যটনের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার স্থান শীর্ষে