
ফাতেহ ডেস্ক
রাসায়নিক দ্রব্য সংরক্ষণের অস্থায়ী গুদাম নির্মাণের কাজ শুরু হচ্ছে কাল। এ জন্য ৭৯ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। মঙ্গলবার সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ১০ হাজার ১১৫ কোটি টাকার ৭টি প্রকল্পের অনুমোদন দেয় সভা।
গত ২১ ফেব্রুয়ারি পুরান ঢাকার চুড়িহাট্টায় আগুন লেগে মারা যায় ৭৮ জন। এর আগে, ২০১০ সালে নিমতলী অগ্নিকাণ্ডে মারা যান ১২৪ জন। অনুসন্ধানে বেরিয়ে আসে, এসব অগ্নিকাণ্ডের কারণ রাসায়নিকের গুদামে বিস্ফোরণ।
এরপর পুরান ঢাকা থেকে রাসায়নিক অপসারণে শুরু হয় অভিযান। কিন্তু সেগুলো সরানোর বা গুদামজাত করার কোন নির্দিষ্ট জায়গা দেয়া হয়নি। এই পরিস্থিতিতে
রাজধানীর কদমতলীর শ্যামপুরে রাসায়নিকের গুদাম নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনামন্ত্রী জানালেন, আগামী বছরের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ট্যানারী শিল্প ব্যবসায়ীদের জন্য মুন্সিগঞ্জে নির্মাণ করা হবে বিসিক ক্যামিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ৫০ একর জমিতে এক হাজার ৬১৫ কোটি টাকায় এটি নির্মাণ করা হবে। কাজ শেষ হবে ২০২২ সালের মধ্যে।
পরিকল্পনামন্ত্রী মন্ত্রী জানান, রাসায়নিক গুদাম নির্মাণকাজ যথাসময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এড়াছা, প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে প্রয়োজনে তিনগুণ দাম দেয়ারও নির্দেশ দিয়েছেন।
