
ফাতেহ ডেস্ক
চলন্ত ট্রেনের ছাদে থাকা যাত্রীদের মধ্যে চানাচুর বিক্রি করছিলেন, হঠাৎ পা ফঁসকে পড়ে যান তিনি, হাত ও পা পিষ্ট হয় চলন্ত ট্রেনের চাকার নিচে পড়ে। তারপর তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভাগ্যের নির্মম শিকার এ চানাচুর বিক্রেতার নাম মোবারক হোসেন (২২)। আজ বুধবার কিশোরগঞ্জ-ভৈরব রেললাইনের কটিয়াদী উপজেলার ভাণ্ডা এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
মোবারক হোসেন কটিয়াদী উপজেলার চাঁনপুর ইউনিয়নের কান্দাপুর মহিষাকান্দাপাড়ার ফুলমিয়ার ছেলে।
কিশোরগঞ্জের জিআরপি থানার ওসি মো. নাসিরুদ্দিন জানান, মোবারক বরাবরের মতোই সকালে ঢাকাগামী এগারসিন্ধুর এক্সপ্রেস প্রভাতি ট্রেনে চানাচুর বিক্রি করতে করতে কুলিয়ারচর স্টেশনে গিয়ে নামেন। আবার সাড়ে ১১টার দিকে তিনি চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠে ছাদে থাকা যাত্রীদের মধ্যে চানাচুর বিক্রি করছিলেন।
দুপুর ১২টার দিকে ট্রেনটি সরারচর ও মানিকখালী স্টেশনের মাঝামাঝি স্থান অতিক্রমকালে মোবারক পা ফঁসকে ট্রেনের ছাদ থেকে চাকার নিচে পড়ে যান। এতে তার এক হাত ও পা কাটাপড়ে এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থান জখম হয়।
তাকে উদ্ধার করে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় পঙ্গু হাসপাতালে প্রেরণের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
