ফাতেহ ডেস্ক :
চাঁদপুরের মতলব উত্তরে অবস্থিত একটি এতিমখানার ছাদ ধসে অন্তত ৩৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ফরাজিকান্দি এতিমখানায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, আহতদের মধ্যে ৩৪ জন আপাতত আশঙ্কামুক্ত। অন্য একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনায় এতিমখানার শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ হোসেনও আহত হন।
প্রত্যক্ষদর্শী ও ঘটনার শিকার শিক্ষার্থীরা জানান, এতিমখানার দোতলার বারিন্দার করিডোরে রাতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিসভা চলছিল। তাতে নির্দেশনা দিচ্ছিলেন শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ হোসেন। হঠাৎ করিডোরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর ছাদের একটি অংশ ধসে পড়ে। এতে এই দুর্ঘটনা ঘটে।
এতিমখানার প্রধান মো. নাসিরউদ্দিন বলেন, দেশের বিভিন্ন স্থান ছাড়াও স্থানীয় এতিম ও অসহায় শিশুরা এই এতিমখানায় ধর্মীয় শিক্ষা নিচ্ছে। তবে ১৯৪৯ সালে এতিমখানাটি প্রতিষ্ঠা করা হলেও এই চার তলাবিশিষ্ট ভবনটিতে মোট ২৫টি কক্ষ রয়েছে। এসব কক্ষে শিক্ষার্থীদের থাকা ও পড়াশোনার কাজ চলে।
