ফাতেহ ডেস্ক :
রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। গতকাল শনিবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বান কি মুন বলেন, আমি মিয়ানমারকে অনুরোধ করবো তারা যেন দ্রুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিয়ে যায়। মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের বিশ্বাস অর্জন করে নিরাপদে তাদের নিয়ে যাওয়া। রোহিঙ্গা ইস্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। জাতিসংঘের সাবেক মহাসচিব হিসেবে আমি মিয়ানমারকে এ সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে মিয়ানমারের প্রতি ইতিবাচক পরিবেশ সৃষ্টির আহ্বান জানাই।
রোহিঙ্গাদের দুর্দশার চিত্র তুলে ধরে তিনি বলেন, কয়েকদিন আগে আমি রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজারে গিয়েছিলাম। বিষয়টিতে আমাকে ব্যাথিত করেছে। ছোট একটি স্থানে ১২ লাখ লোক বাস করছে। তাদের অবশ্যই নিজ ভূমিতে ফিরে যেতে হবে।
