চীনের রহস্যময় ভাইরাসে মৃত ১৭, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা

চীনের রহস্যময় ভাইরাসে মৃত ১৭, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের রহস্যময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির উহান শহরে বৃহস্পতিবার পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইতোমধ্যেই ভাইরাসটি আরও প্রায় ৭টি দেশে ছড়িয়ে পড়েছে । ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

গতকাল চীন জানায়, পরীক্ষা-নিরিক্ষা করে ৪৮৩ জন ভাইরাসটিতে আক্রান্ত বলে নিশ্চিত হন তারা। তবে চীন এও জানিয়েছে, আরও ২ হাজার ১৯৭ রোগী আছেন যারা আক্রান্ত কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো জ্বর, কাশি ও শ্বাসকষ্ট। সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (সার্স) ঘরানার এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়, যা থেকে নিউমোনিয়াও হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারপ্রাপ্ত প্রধান ভ্যান কেরখোভে জানিয়েছে, চীন থেকে নতুন যে ভাইরাস ছড়িয়ে পড়েছে তার সংক্রমণ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে বিশ্বের সমস্ত হাসপাতালকে নির্দেশনা দিয়েছে তারা। এছাড়া ভাইরাসটির সংক্রমণ এড়াতে বিশ্বের অনেক দেশ বিমানবন্দরে চীনা নাগরিকদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের শেষদিকে হুবেই প্রদেশের রাজধানী শহর উহানে প্রথম এই ফ্লু টাইপের এই করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে। পরিস্থিতি খারাপ হতে থাকায় চীন কর্তৃপক্ষ, গতকাল উহান থেকে চলাচলকারী সকল যানবহন বন্ধ ঘোষণা করেছে। হুবেই প্রদেশ ও তার রাজধানী উহান ভ্রমণে কড়া সতর্কতা জারি করেছে দেশটির সরকার।

উহান শহরে প্রায় ৮৯ লাখ মানুষের বাস। মূলত ওই শহর থেকে উৎপত্তির পর ভাইরাসটি রাজধানী বেইজিংসহ অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়েছে। এছাড়া প্রতিবেশী জাপান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ম্যাকাও এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াতেও এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

আগের সংবাদমুক্তিযোদ্ধা ভাতা নিলে অবশ্যই আওয়ামী লীগ করতে হবে : রঞ্জন গুহ
পরবর্তি সংবাদরোহিঙ্গা গণহত্যা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন আদেশ আজ