চীনে নজরদারি : মোবাইল রেজিস্ট্রেশনের সময় স্ক্যান করতে হবে মুখের ছবি

চীনে নজরদারি : মোবাইল রেজিস্ট্রেশনের সময় স্ক্যান করতে হবে মুখের ছবি

ফাতেহ ডেস্ক :

সব নাগরিককে নজরদারিতে রাখতে মোবাইল-ফোন রেজিস্ট্রেশনের সময় মুখের ছবি স্ক্যান করার নতুন নিয়ম চালু করেছে চীন। গত সেপ্টেম্বর মাসে এই নতুন নিয়ম ঘোষণা করা হলেও গতকাল রোববার থেকে কার্যকর হয়েছে নিয়মটি।

প্রায় ১৪০ কোটি জনগণের দেশটিতে ‘ফেসিয়াল রিকগনিশন’ বা মুখের ছবি দেখে পরিচয় শনাক্তকরণ প্রযুক্তি আগে থেকেই ব্যবহৃত হচ্ছে। সব নাগরিকের চোখে চোখে রাখতেই নতুন এ নিয়ম চালু করেছে বেইজিং।

বিবিসি বলছে, এ ধরনের প্রযুক্তিতে চীন এখন বিশ্বসেরা। কিন্তু যেভাবে চীন এখন ব্যাপকভাবে এই প্রযুক্তি ব্যবহার করছে তা নতুন বিতর্ক তৈরি করেছে। চীনে যখন কেউ মোবাইল ফোনের সেবা নিতে চুক্তিবদ্ধ হন, তখন তাদের জাতীয় পরিচয়পত্র দেখাতে হয় এবং ছবি তুলতে হয়। এই নিয়ম অবশ্য বিশ্বের আরও অনেক দেশে আছে। কিন্তু এখন চীনে মোবাইল সেবা নিতে গেলে তাদের মুখের ছবি স্ক্যান করতে হবে যাতে করে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে এই ছবি মিলিয়ে পরিচয় নিশ্চিত করা যায়। চীনে অনেকদিন ধরে এমন চেষ্টা চলছে, যাতে অনলাইনে প্রত্যেকে নিজের আসল নাম-পরিচয় ব্যবহার করে।

চীনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি নিয়ে কাজ করা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফরি ডিং বলেন, চীন বেনামি মোবাইল নম্বর এবং বেনামি ইন্টারনেট অ্যাকাউন্ট বন্ধ করতে চাইছে, তার মূল উদ্দেশ্য সাইবার নিরাপত্তা বাড়ানো এবং অনলাইনে প্রতারণা বন্ধ করা। একই সঙ্গে তারা হয়তো জনগণের ওপর আরও বেশি নজরদারি চালাতে চাইছে। চীনে প্রতিটি মানুষের ওপর কীভাবে নজর রাখা যায়, কেন্দ্রীয়ভাবে সেটার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এটাই তাদের লক্ষ্য।’

উল্লেখ্য, চীনকে একটি ‘নজরদারি রাষ্ট্র’ বলে বর্ণনা করা হয়। ২০১৭ সালে চীনে প্রায় ১৭ কোটি সিসিটিভি ক্যামেরা ছিল। ২০২০ সাল নাগাদ আরও ৪০ কোটি সিসিটিভি বসানোর কথা। সেখানে একটি ‘সোশ্যাল ক্রেডিট’ সিস্টেমও চালু করা হচ্ছে।

যেখানে নাগরিকরা কে কি আচরণ করছেন, জনসমক্ষে কি ধরনের কথাবার্তা বলছেন তার হিসাব রাখার কথা। এর উদ্দেশ্য ২০২০ সাল নাগাদ নাগরিকদের এক বিশাল জাতীয় ডাটাবেজ তৈরি করা। যেখানে নাগরিকদের আর্থিক লেনদেন এবং সামাজিক আচরণের ভিত্তিতে একটি র‍্যাংকিং তৈরি করা হবে। উচ্চাভিলাষী এ পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

আগের সংবাদআগামী সপ্তাহে অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেয়া শুরু হবে : তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদইরাকে বিক্ষোভকারী হত্যার দায়ে এক পুলিশের মৃত্যুদণ্ড দিল আদালত