ফাতেহ ডেস্ক :
শেষ নিদ্রায় শায়িত আল্লামা আশরাফ আলী। প্রিয় মুরুব্বিকে শেষবারের মতো দেখতে লোকে-লোকারণ্য জামিয়া শারঈয়্যাহ মালিবাগ। সবার চোখে জল, কণ্ঠে মাগফেরাতে দোয়া।
সোমবার দিবাগত রাতে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন বাংলাদেশের বর্ষীয়ান আলেমেদ্বীন, বেফাকুল মাদারিস ও হাইআতুল উলয়ার সিনিয়র সহ-সভাপতি, ঢাকা মালিবাগ জামিয়ার শায়খুল হাদীস ও প্রিন্সিপাল হযরত মাওলানা আশরাফ আলী সাহেব। একটু পরেই তাকে নেয়া হবে নিজ এলাকা কুমিল্লায়। তার আগে সবাই তাকে একটু দেখতে চায়।
তাকে ঘিরে আছে আল্লামা নূর হুসাইন কাসেমী, মাওলানা মাহফুজুল হক, আবদুর রব ইউসুফী, মাওলানা মামুনুল হক, মাওলানা আরীফুদ্দীন মারুফ, মাওলানা আসাদ আল হুসাইনী, মাওলানা মাসুদুল করীম, মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ, বেফাকের নেতৃবৃন্দ, আল হাইয়াতুল উলয়ার নেতৃবৃন্দ জামিয়া রাহমানিয়া, মালিবাগ জামিয়ার ছাত্র-শিক্ষকবৃন্দ।
মরহুমের জানাজার নামাজ তার নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসায় আজ মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিশিষ্ট এ আলেমদীন ও শায়খুল হাদিস দীর্ঘদিন ধরে দীনের বিভিন্ন শাখায় সফল অভিভাবকের ভূমিকা পালন করছিলেন। ২০১৩ সাল থেকে রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় হাদিসের দরস দিচ্ছিলেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটির কো-চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছিলেন তিনি।
