ফাতেহ ডেস্ক :
বাংলাদেশের বর্ষীয়ান আলেমেদ্বীন, বেফাকুল মাদারিস ও হাইআতুল উলয়ার সিনিয়র সহ-সভাপতি, ঢাকা মালিবাগ জামিয়ার শায়খুল হাদীস ও প্রিন্সিপাল হযরত মাওলানা আশরাফ আলী সাহেবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে তার মাগফেরাত কামনা করেন।
বিবৃতিতে তিনি বলেন, ভাবতেই খুব কষ্ট হচ্ছে সামাজিক ,সদালাপী , অমায়িক, উদার ও স্বাপ্নিক, শীর্ষ আলেমেদ্বীন, সাহসী ও হক্কানিয়তের পতাকাবাহী এই দরদী আলেম এখন আর নেই। কিছুদিন আগে যিনি আমাকে একই হাসপাতালে স্নেহ আর মমতায় বুকে টেনে নিয়ে আদরের চুমু এঁকে দিয়েছিলেন, মুখে, বুকে, হাত বুলিয়ে দিয়েছিলেন, কাদিয়ানীসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন, তাঁর মরহুম হয়ে যাওয়ার সংবাদে মনটা হাহকার করে উঠেছে।
মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, আলোকিত মানুষ গড়ার কারিগর, প্রখ্যাত বুজুর্গ, হক্কানিয়তের পতাকাবাহী , আল্লামা আশরাফ আলী সাহেব রহ. বহু গুণে গুণান্বিত ছিলেন। আমি আমার জীবনে তাঁকে যতবার দেখেছি ততবারই মুগ্ধ এবং অভিভূত হয়েছি। তাঁর আন্তরিকতাপূর্ণ দু’আ লাভ করেছি।
মরহুমের মাগফেরাত কামনা করে মুফতি ফয়জুল্লাহ বলেন, আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আল্লাহভীরু, মুখলিস, নূরানী মুখাবয়বের অধিকারী, প্রজ্ঞাবান এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র, মুরীদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত (৩১ ডিসেম্বর) দেড়টার দিকে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন বাংলাদেশের বর্ষীয়ান আলেমেদ্বীন, বেফাকুল মাদারিস ও হাইআতুল উলয়ার সিনিয়র সহ-সভাপতি, ঢাকা মালিবাগ জামিয়ার শায়খুল হাদীস ও প্রিন্সিপাল হযরত মাওলানা আশরাফ আলী সাহেব।
এর আগে রোববার (২৯ ডিসেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০) সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তিনি প্রফেসর ডা. মিজানুর রহমানের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
