
ফাতেহ ডেস্ক
রাজধানীর উত্তরখানে মা ও দুই সন্তানকে হত্যার আলামত পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসকেরা। হাসপাতাল মর্গে দুপুরে তিন জনের ময়না তদন্ত শেষে তারা জানান, মা ও মেয়েকে শ্বাসরোধ করে ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যার আলামত পাওয়া গেছে।
উত্তরখানের একটি ভাড়া বাসা থেকে রোববার রাতে জাহানার খাতুন মুক্তা, তার ছেলে মুহিব হাসান রশি এবং মেয়ে তাসফিয়া সুলতানা মিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছিল।
তবে সোমবার দুপুরে ময়নাতদন্তের সময় ৩ জনকে হত্যার আলামত পেয়েছেন চিকিৎসকেরা। তারা জানান, মা ও মেয়েকে শ্বাসরোধ ও ছেলের গলায় ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বদ্ধ ঘর থেকে মরদেহ গুলো উদ্ধারের সময় একটি চিরকূট পাওয়া যায়। সেখানে জাহানারা সাক্ষরে তাদের মৃত্যুর জন্য আত্মীয়স্বজনের অবহেলাকে দায়ী করা হয়। তবে হাসপাতালে উপস্থিত স্বজনেরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
স্বজনেরা জানান, জাহানারার চাকরিজীবী স্বামী ৩ বছর আগে মারা যান। ছেলে মহিব এবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন। প্রতিবন্ধী মেয়ে ও ছেলেকে নিয়ে উত্তরখানের নিজস্ব একটি জমির দেখাশোনা করতে চলতি মাসের শুরুতে ওই ভাড়া বাসায় ওঠেন জাহানারা। তিন মরদেহ উদ্ধারের ঘটনায় থানা পুলিশের পাশাপাশি, র্যাব পিবিআই ও সিআইডি আলাদা তদন্ত শুরু করেছে।
