জাতীয় জীবনে প্রতিবন্ধীদের অন্তর্ভূক্ত করছে বাংলাদেশ

ফাতেহ ডেস্ক

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, ‘সিআরপিডি ও এজেন্ডা ২০৩০ এর আলোকেই জাতীয় জীবনে প্রতিবন্ধীদের অন্তর্ভূক্তি নিশ্চিত করছে বাংলাদেশ।’

‘বাংলাদেশে অন্তর্ভূক্তিমূলক আর্থ-সামাজিক অগ্রযাত্রায় জাতীয় জীবনের সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের অন্তর্ভূক্তি ও উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। আমরা দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করার পাশাপাশি প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত কনভেনশন (সিআরপিডি) ও এজেন্ডা ২০৩০ এর আলোকে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালাগুলো হালনাগাদ করেছি।’

বৃহস্পতিবার (১৩ জুন) জাতিসংঘ সদর দফতরে সিআরপিডি’র স্বাক্ষরকারী দেশগুলোর ১২তম সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন প্রতিবন্ধী বিষয়ক একজন বিশেষ প্রবক্তা। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত ও বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি। সায়মা অটিজম ও প্রতিবন্ধিতার বিষয়ে বিশেষ করে বাংলাদেশ ও এর বাইরে ব্যাপকভাবে সচেতনতামূলক প্রচারণা ও ফলপ্রসূ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন ও এনজিওসহ বেসরকারি খাতগুলোও সরকারের এসব প্রচেষ্টায় যুক্ত রয়েছে।’

ক্রীড়া ও উদ্ভাবনীসহ বিভিন্ন খাতে প্রতিবন্ধীদের নানা সাফল্য গাঁথা এবং প্রতিবন্ধীদের কল্যাণে বাংলাদেশ সরকার বাস্তবায়িত ব্যাপক উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘আসছে জলুাই মাস থেকে সরকার প্রায় ১৪ লাখ প্রতিবন্ধীকে ভাতা দেবে। আর বর্তমানে ভাতা প্রাপ্তদের সংখ্যা ১০ লাখ।’

এ বছর আবুধাবীতে প্রতিবন্ধীদের জন্য বিশেষ অলিম্পিকে অংশ নিয়ে বাংলাদেশ দল ২২টি স্বর্ণ জয়ের যে সাফল্য দেখিয়েছে তাও উল্লেখ করেন তিনি। এছাড়া তিনি বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্যের বিশেষ উদ্ভাবনী-অবদানের কথা তুলে ধরেন।

আগের সংবাদবাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ মত বিশেষজ্ঞদের
পরবর্তি সংবাদসাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২