
ফাতেহ ডেস্ক
২০১৯-২০ অর্থবছরের বাজেট বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকরা মনে করেন, প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী হলেও ব্যবসাবান্ধব। পয়লা জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভ্যাট আইনকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আ ন হ মুস্তফা কামাল। রাজস্ব আয়ের লক্ষ্য পৌঁনে চার লাখ কোটি টাকা। আর ঘাটতি দেড় লাখ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটকে উচ্চভিলাষী বলছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, বড় আকারের এই বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে সরকারকে। এ লক্ষ্যে পরিকল্পনা বাস্তবায়নে সুশাসন নিশ্চিতের তাগিদ তাদের। আর অর্থনীতিবিদদের শঙ্কা, ভ্যাট আইনে স্তর করায় কর ফাঁকির সুযোগ বাড়তে পারে।
প্রস্তাবিত বাজেটকে ব্যবসাবান্ধব বলছেন ব্যবসায়ীরা। নতুন ভ্যাট আইনকে স্বাগত জানিয়ে এর সুষ্ঠু প্রয়োগের দিকে খেয়াল রাখার আহ্বান তাদের।
এবারের বাজেটে বেকার তরুণদের ঋণ সুবিধা, কৃষকদের শস্যবিমা এবং প্রবাসীদের টাকা পাঠানোর খরচ কমানোকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
