জাতীয় সংগীতে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

আলোচনা-সমালোচনার মুখে জাতীয় সংগীতে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন গতকাল দেশটির জাতীয় সংগীতে পরিবর্তন আনার ঘোষণা দেন। তাঁর এই ঘোষণার পর আজ ১ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ানরা তাঁদের জাতীয় সংগীতের একটি ভিন্ন সংস্করণ গাইবেন।

১৮ শতকে অধিকাংশ শ্বেতাঙ্গ ইংলিশ সেটেলার উপনিবেশ গড়ার বহু বছর আগে থেকেই অস্ট্রেলিয়ায় আদিবাসীদের বসবাস। কিন্তু অস্ট্রেলিয়ায় চলে আসা জাতীয় সংগীতে দেশটির আদিবাসীদের অবজ্ঞা-উপেক্ষার উপাদান থাকার অভিযোগ ওঠে। এ নিয়ে দেশটিতে আলোচনা-সমালোচনা হচ্ছিল।

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের শিরোনাম ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’। আগে এই জাতীয় সংগীতে ‘ফর উই আর ইয়াং অ্যান্ড ফ্রি’ কথাটির উল্লেখ ছিল। তার পরিবর্তে দেশটির নাগিরকেরা এখন গাইবেন, ‘ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি’। আগে ‘ফর উই আর ইয়াং অ্যান্ড ফ্রি’-এই কথার মাধ্যমে অস্ট্রেলিয়ার আদিবাসীদের উপেক্ষা করার অভিযোগ ওঠে।

অস্ট্রেলিয়ায় জাতীয় সংগীতে পরিবর্তন আনার ঘোষণাটিকে একটি ‘চমক’ হিসেবে দেখা হচ্ছে। তবে দেশটির সরকারের বিভিন্ন পর্যায় থেকে এই ঘোষণাকে স্বাগত জানানো হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, জাতীয় সংগীতে আনা পরিবর্তন দেশটিতে ঐক্যের চেতনা তৈরি করবে বলে তাঁর আশা।

উল্লেখ্য, জাতীয় সংগীতে পরিবর্তন আনার প্রসঙ্গটি প্রথম তুলেছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নেতা গ্ল্যাডিজ বেরেজিকলাইন।

আগের সংবাদবাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আমরাও যোগ দেব : মার্কিন রাষ্ট্রদূত
পরবর্তি সংবাদগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১৯৭, মৃত্যু ১৭