জামিয়া মিল্লিয়ার ছাত্রদের ব্যঙ্গ করে টুইট, ক্ষমা চাইলেন অক্ষয়

আন্তর্জাতিক ডেস্ক :

জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যঙ্গ করা টুইটার পোস্টে লাইক দিয়ে সমর্থন জানিয়েছেন নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ বলিউড তারকা অক্ষয় কুমার। এই ঘটনার জেরে টুইটার জুড়ে ট্রেন্ড উঠেছে ‘বয়কট অক্ষয় কুমার’।

ভারত জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ আন্দোলন অব্যাহত। এরই মাঝে রবিবার বিকেলে দিল্লি পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপরে চড়াও হয়। কেন্দ্রীয় লাইব্রেরিতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। এমনকি শৌচাগারে ঢুকেও শিক্ষার্থীদের পেটায় পুলিশ।

সেই কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়। ছাত্রছাত্রী থেকে নেটিজেনদের একাংশ পুলিশের নিন্দায় ফেটে পড়লেও দ্বিমত দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এমনই এক টুইটার ব্যবহারকারী শিক্ষার্থীদের ব্যঙ্গ করে একটি ভিডিও শেয়ার করলে তাতে ‘লাইক’ দিয়ে দেন অক্ষয় কুমার।

এরপরই নেট জুড়ে নিন্দার ঝড় ওঠে। বলিউডের নায়ক অক্ষয়ের মতো ব্যক্তিত্ব কী করে ছাত্রছাত্রীদের পেটানোকে সমর্থন করেন, প্রশ্ন তোলেন অনেকেই।

তবে নেটিজেনদের ক্ষোভের মুখে টুইটারে ক্ষমা চেয়ে একটি সাফাইনামা দিয়েছেন তিনি। তিনি ঘটনার পরই টুইটারে লেখেন, ‘ভুল করে লাইক করে ফেলেছি। স্ক্রল করছিলাম ফোন, তাতেই অসাবধানে লাইক পড়ে যায়। যখন ভুল বুঝতে পারি তখনই আনলাইক করে দিই। আমি কোনোভাবেই এ রকম কাজকে সমর্থন করি না।’

আগের সংবাদব্যান্ড বাজিয়ে আ. লীগ নেতার মসজিদ উদ্বোধন, মুসল্লিদের নিন্দা
পরবর্তি সংবাদ‘চরমপন্থী নন’ প্রমাণে উইঘুর বৃদ্ধকে পান করতে হলো এলকোহল!