
আন্তর্জাতিক ডেস্ক :
জামিয়া মিল্লিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়ে লখনৌতে মিছিল করেছে দারুল উলুম নদওয়াতুল উলামার শিক্ষার্থীরা। গতকাল মধ্যরাতে লখনৌর রাস্তায় মিছিল করে তারা।
এর আগে জামিয়া মিল্লিয়ায় ঢুকে বিক্ষোভ দমনের নামে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয় পুলিশ। এসময় মসজিদে নামাজরত ছাত্রদের ওপরও চালায় লাঠিচার্জ। এতে ৩৫ জন আহত এবং বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এরপর জামিয়া মিল্লিয়ার ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে নেমে আসে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩০ জন শিক্ষার্থী আহত হয়।
প্রসঙ্গত, শুধু নদওয়াতুল উলামা নয়, বরং মধ্যরাতে আজাদ উর্দু বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নেমে আসে মিছিলে। স্লোগানে স্লোগানে তারা জামিয়া মিল্লিয়ার সাথে সংহতি জানিয়ে নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানাতে থাকে।
