
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দিল্লির জামিয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় পরিস্থিতি যাতে আরও উত্তাল হয়ে ওঠে তাই কিছু বাসে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এই অভিযোগের সঙ্গে সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।
ভিডিওতে দেখা যাচ্ছে, লাল রংয়ের একটি বাসে কেরোসিনের জার থেকে কিছু তরল ছিটিয়ে দিচ্ছেন এক পুলিশ সদস্য। ভাইরাল হওয়া ভিডিও দেখে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
ছাত্র-পুলিশ সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি বাস ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে। কিন্তু দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াসহ অনেকেই অভিযোগ তুলেছেন, পুলিশের কিছু কর্মী এই ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে দিল্লি পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
হিন্দিতে এক টুইট বার্তায় উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া লেখেন, ‘এই ছবিটি দেখুন। দেখুন কে বা কারা বাসে এবং গাড়িতে আগুন দিচ্ছে। এই ছবিটি বিজেপির করুণ রাজনীতির সবচেয়ে বড় প্রমাণ। বিজেপি নেতারা এর প্রতিক্রিয়ায় কী বলবেন?’
উল্লেখ্য, দিল্লি পুলিশকে নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার দায়িত্বে আছেন বিজেপি প্রধান অমিত শাহ।
