
আন্তর্জাতিক ডেস্ক:
চলতি জুন মাসের প্রথম ৯ দিনে প্রায় ৫৭ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ১ ডলার ১০৮ টাকা ধরে) যে অঙ্ক দাঁড়ায় ৬ হাজার ২১৬ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স।
রোববার (১১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে একথা জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুন মাসের প্রথম ৯ দিনে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, জুন মাসের প্রথম দুদিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ২ লাখ ৮০ হাজার ডলার। আর ৩ থেকে ৯ জুন পর্যন্ত দেশে ৫০ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এর আগে চলতি বছরের মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। এ সময় দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে।
এদিকে এপ্রিলে দেশে এসেছিল ১৬৮ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স। আর চলতি অর্থবছরের মার্চে ২০১ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিল প্রবাসীরা। এছাড়া ফেব্রুয়ারিতে এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার। আর চলতি বছরের জানুয়ারিতে এসেছিল প্রায় ১৯৫ কোটি ৮৯ লাখ ডলার।
