
ফাতেহ ডেস্ক:
পবিত্র নগরী পূর্ব জেরুজালেমের একটি মসজিদ ভেঙে ফেলার আদেশ দিয়েছেন ইজরাইলের আদালত। ‘নির্মাণকাজের অনুমতি না থাকায়’ সিলওয়ান শহরের কাক্কা বিন আমর মসজিদটি ভাঙার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার আদালত এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদুলু এজেন্সি। এই আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ২১ দিন সময় পাবে মসজিদ কর্তৃপক্ষ।
২০১২ সালে নির্মিত দুই তলা এই মসজিদটিতে শত শত মুসল্লি নামাজ আদায় করে। ২০১৫ সালেও মসজিদটি ভেঙে ফেলার জন্য আদেশ জারি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আর ভাঙা হয়নি।
সিলওয়ান ভূমি রক্ষা কমিটির সদস্য খালেদ আবু তাইহ জানান, ইজরাইল বেশ কয়েক বছর ধরে মসজিদটিকে টার্গেট করে আসছে। এর আগে মসজিদটিকে জরিমানা করা হয়েছে এবং মসজিদের নির্মাণকাজ আটকানোর চেষ্টা করা হয়েছে।
ইজরাইলি কর্তৃপক্ষ সাম্প্রতিক সপ্তাহগুলোতে জেরুজালেমে তাদের ধ্বংসযজ্ঞের অভিযান তীব্র করেছে। সিলওয়ান এলাকায় ফিলিস্তিনিদের কয়েক ডজন বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
