
টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশত। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে টঙ্গী রেলওয়ে জংশনের দক্ষিণের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার ফলে টঙ্গী জংশন হয়ে সব রুটে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। খবর পেয়ে রেলমন্ত্রী মুজিবুল হক, জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীর, গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদসহ রেলের ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি (নম্বর ৫২ ডাউন) দুপুর সোয়া ১২টার দিকে টঙ্গী রেলওয়ে জংশনের ২ নম্বর লাইন দিয়ে ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি স্টেশনের সিগন্যাল অতিক্রম করার সময় হঠাৎ পেছনের পাঁচটি বগি মূল ট্রেনের হুক থেকে বিচ্ছিন্ন হয়ে ১ নম্বর লাইনে ঢুকে পড়ে এবং সামনের বগিগুলো ২ নম্বর লাইন দিয়েই ঢাকার দিকে অগ্রসর হয়। এ সময় পেছনের বিচ্ছিন্ন বগিগুলো লাইনচ্যুত হলে যাত্রীরা লাফিয়ে নামতে গিয়ে এসব বগির নিচে কাটা পড়েন। এ সময় চারজনের দেহ খণ্ডবিখণ্ড হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং আরো প্রায় অর্ধশত যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শ্রীপুরের কাওরাইদ এলাকার আলমগীর হোসেন (২৩), একই এলাকার গোসিঙ্গা গ্রামের শরিফ (২৫), ইস্রাফিল হোসেন (১৩), করিমপুরের বাদল মিয়া (৫৫), গফরগাঁওয়ের বাদল (২৮), হালিমা আক্তার (৩৩), শ্রীপুরের মনির হোসেনকে (৩২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সাজ্জাদ হোসেনকে (২৬) পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া বিপ্লব হোসেন (২৫), শাহিন (১৮), ফিরোজ মিয়া (৩৫), লিয়াকত হোসেন (৪০), আব্দুর রাজ্জাক (৩৮), নজরুল ইসলাম (৬৫) ও আবু সাঈদকে (২৫) টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১২ জন আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস, থানা ও রেলপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধারকাজ চালান। ঢাকা থেকে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগিগুলোকে উদ্ধার করার পর বিকেল ৫টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে টঙ্গী জংশন হয়ে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের সব ট্রেন যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। এ ঘটনায় রেলওয়ের ডিএসটিই, ডিটিও, ডিএমই ও ডিইএন-১ এর প্রধানদের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী রেলওয়ের স্টেশন মাস্টার মো: হালিমুজ্জামান বলেন, কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্তসাপেক্ষে বলা যাবে। তিনি আরো জানান, জামালপুর কমিউটার ট্রেনটি টঙ্গী জংশনে বেলা ১১টা ২০ মিনিটে প্রবেশ করে। ট্রেনটিকে টঙ্গী জংশনে প্রায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রেখে পেছন দিক থেকে আন্তঃনগর উপকূল, সুবর্ণ ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনকে ঢাকায় যেতে দেয়া হয়। এতে জামালপুর ট্রেনের যাত্রীরা বিরক্ত হয়ে বিক্ষোভ শুরু করেন। অবশেষে দুপুর ১২টা ২০ মিনিটে জামালপুর কমিউটার ট্রেন টঙ্গী জংশন ত্যাগ করে।
টঙ্গী রেল স্টেশনের একটি সূত্র জানায়, দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখায় যাত্রীদের পাশাপাশি জামালপুর কমিউটার ট্রেনের দুই চালকও বিরক্ত হয়ে পড়েন। অবশেষে তারা ক্ষুব্ধ হয়ে সিগন্যাল ছাড়াই ট্রেনটিকে নিয়ে ঢাকার দিকে অগ্রসর হন। এ সময় বিপরীত দিক থেকে একটি ডেমো ট্রেন ১ নম্বর লাইন দিয়ে টঙ্গী স্টেশনে আসছিল। জামালপুর কমিউটার ট্রেনটি সিগন্যাল এলাকা অতিক্রম করার সময় স্টেশনে কর্মরত সিনিয়র সিগন্যালম্যান আব্দুর রাজ্জাক হঠাৎ সিগনাল পরিবর্তন করেন। এতে রেলের স্লিপার সিগন্যাল বিচ্যুতি ঘটায় জামালপুর কমিউটার ট্রেনটির পেছনের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে ১ নম্বর লাইনে ঢুকে পড়ে এবং ইঞ্জিন সামনের বগিগুলোকে নিয়ে ঢাকার দিকে অগ্রসর হয়। ঘটনার সময় ১ নম্বর লাইন দিয়ে বিপরীত দিক থেকে আসা ডেমো ট্রেনটি দুর্ঘটনা এড়াতে স্থানীয় বউবাজার এলাকায় থেমে পড়ে এবং ইঞ্জিনচ্যুত বগিগুলোকে বিপজ্জনভাবে সামনে অগ্রসর হতে দেখে ডেমো ট্রেনটি পেছনে গিয়ে বিমানবন্দর স্টেশনে গিয়ে আশ্রয় নেয়। ডেমো চালকের এই সচেতন ভূমিকার কারণে অল্পের জন্য দুটি ট্রেনের আরো অধিক সংখ্যক যাত্রী প্রাণে রক্ষা পান।
এদিকে এই দুর্ঘটনা ঘটিয়ে জামালপুর কমিউটার ট্রেনের চালক আব্দুর রাজ্জাক, সহকারী চালক মজিবুর রহমান ও গার্ড কাজী ইউসুফ উত্তরা ফায়দাবাদ এলাকায় ট্রেন রেখে পালিয়ে যান। পরে বিশেষ ব্যবস্থায় ট্রেনটিকে ১টা ২০ মিটিটে বিমানবন্দর স্টেশনে নেয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: আতিকুর রহমান জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি টঙ্গীর নতুনবাজার এলাকায় রেল সিগন্যাল পার হওয়ামাত্রই পেছনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহতদের উদ্ধার করে টঙ্গীর সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো: দেলোয়ার হোসেন বলেন, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
এ ব্যাপারে টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মো: পারভেজ হোসেন বলেন, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় আহত ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে গুরুতর সাতজনকে ঢামেক ও পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাতজনকে এ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং ১২ জনকে প্রাথমিক চিকিৎসাশেষে ছেড়ে দেয়া হয়েছে।
