
দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের গতকাল রোববার শপথ নেয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। পূর্বনির্ধারিত তারিখ থেকে ৯ দিন পিছিয়ে আগামী ২৪ এপ্রিল এ শপথ অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীর শারমিন চৌধুরী দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদকে শপথবাক্য পাঠ করাবেন। যদিও প্রথম দফায় ২০১৩ সালের ২৪ এপ্রিল আবদুল হামিদকে রাষ্ট্রপতির শপথ পাঠ করান সে সময়ের ডেপুটি স্পিকার শওকত আলী।
পূর্বঘোষণা অনুযায়ী ১৫ এপ্রিল সন্ধ্যায় দরবার হলে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও একই দিন অর্থাৎ গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আট দিনের সফরে সৌদি আরব গেছেন। সেখান থেকে দু’দিন পর যুক্তরাজ্যে যাবেন। ফলে প্রধানমন্ত্রী ফিরে আসার পর তার উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতির প্রেসসচিব মো: জয়নাল আবেদীন গণমাধ্যমকে শপথ অনুষ্ঠান পেছানোর খবর নিশ্চিত করেছেন।
১৯৯০ সালে গণতন্ত্র ফেরার পর পরপর দুইবার রাষ্ট্রপতি হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন আবদুল হামিদ। গত ৩১ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় বোর্ড আবদুল হামিদকে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি করতে দলের মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বঙ্গভবনে গিয়ে এই সিদ্ধান্ত তার হাতে তুলে দেন।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। আবদুল হামিদ এ পদে ১৭তম ব্যক্তি। আর পদ হিসেবে ২১তম। তবে টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হয়েছেন কেবল আবদুল হামিদই। সংবিধানে সর্বোচ্চ দুইবার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তার শেষ মেয়াদ। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর আবদুল হামিদকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়।
এর আগে প্রথমবারের মতো ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো: আবদুল হামিদ। সেই মেয়াদ ফুরিয়ে আসায় গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ৫ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের দিন একমাত্র আবদুল হামিদের মনোনয়নপত্রই জমা পড়ে। গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করে ইসি। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়নপত্র বাছাইয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ। ১৯৫৯ সালে ছাত্রলীগে যোগ দেয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়।
আবদুল হামিদ ১৯৭০ সালের নির্বাচনে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৭৩ সালের ৭ মার্চ দেশের প্রথম সাধারণ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত হন আবদুল হামিদ। ১৯৮৬ সালের তৃতীয় সংসদ, ১৯৯১ সালের পঞ্চম সংসদ, ১৯৯৬ সালের সপ্তম সংসদ, ২০০১ সালের অষ্টম সংসদ এবং সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
সপ্তম সংসদে ১৯৯৬ সালের ১৩ জুলাই থেকে ২০০১ এর ১০ জুলাই পর্যন্ত ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের পর ২০০১ এর ২৮ অক্টোবর পর্যন্ত স্পিকার হিসেবে সংসদ পরিচালনা করেন আবদুল হামিদ। আর নবম সংসদে নির্বাচিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো স্পিকার হন।
আবদুল হামিদ দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি হওয়ার পরও তার ‘সাধারণ মানুষের’ পরিচয় ধরে রেখেছেন। নানা সময় তার নানা কর্মকাণ্ডে তা প্রকাশও পেয়েছে। বিভিন্ন সময়ে সে নমুনাও দেখা গেছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন আবদুল হামিদ। আর রাষ্ট্রপতি হওয়ার এক বছর পূর্তির পর গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, বঙ্গভবন তার ভালো লাগে না। আবদুল হামিদ সেদিন বলেন, খাঁচার পাখিরে যতই ভালো খাবার দেয়া হোক, সে তো আর বনের পাখি না। আমি একটা দায়িত্ব হিসেবে এখানে এসেছি। সংসদে মনের খোরাক পেতাম, বঙ্গভবনে পাই না। মনটা অনেক কিছু চায়।
২০১৭ সালের মার্চে কিশোরগঞ্জের মিঠামইন সফরে গিয়ে রিকশায় করে রাষ্ট্রপতির বাজার পরিদর্শনের ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে মানুষের মধ্যে তার ভাবমূর্তি নতুন করে আবিষ্কৃত হয়েছে, তবে আবদুল হামিদ বরাবর তার এই সাধারণ মানুষের ভাবমূর্তি কখনো পাল্টাতে চাননি। এখনো লুঙ্গি পরে পারিবারিক পরিবেশে তাকে দেখা যায়। বরাবরই তিনি জনগণের সাথে থাকতে পছন্দ করেন। তিনি বহুবার বিষয়টি বলেছেনও। নিরাপত্তার ঘেরাটোপ তার ভালো লাগে না। কঠোর নিরাপত্তার মধ্যেও তিনি বিশেষ করে নিজ এলাকার লোকদের জন্য তার দুয়ার উন্মুক্ত রেখেছেন। সুযোগ পেলেই তার পুরনো অভ্যাস সাংবাদিকদের সাথে আড্ডায় মেতে ওঠেন।
স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০১৩ সালে সিঙ্গাপুর সফরে গিয়ে নামী হোটেলের স্যুট ভাড়া দিনে সাত হাজার ডলার শুনে কম দামি হোটেলে ৬০০ ডলারের স্যুটে থেকেছেন। ফলে আগের সফরে গ্র্যান্ড হায়াতে রাষ্ট্রপতির হোটেল স্যুটের ভাড়া যত ছিল সে সময় ২৩ সদস্যের প্রতিনিধিদলের (নিরাপত্তাকর্মীসহ) সবার হোটেল ভাড়া মিলেও তত হয়নি বলে তার দফতর সূত্রে জানা গেছে।
