আন্তর্জাতিক ডেস্ক :
ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বা ‘শতাব্দির সেরা চুক্তি’কে ‘শতাব্দির সেরা বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছে ইরান। মঙ্গলবার রাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।
মুসাভি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দেয়া এই লজ্জাজনক শান্তি পরিকল্পনা ব্যর্থ হতে বাধ্য। মার্কিন প্রেসিডেন্ট এ পরিকল্পনা উত্থাপন করে মূলত ফিলিস্তিনি জনগণের পাশাপাশি গোটা মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এ পরিকল্পনা প্রতিহত করার জন্য মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর প্রতি আহ্বান জানান মুসাভি।
ফিলিস্তিনি জনগণকে ইজরাইলসহ গোটা ফিলিস্তিনি ভূখণ্ডের প্রকৃত মালিক বলে উল্লেখ করে মুসাভি বলেন, ফিলিস্তিনি ভূমি জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইজরাইল প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই সেখানকার সংকট সমাধানের একমাত্র উপায় ফিলিস্তিনের প্রকৃত অধিবাসী মুসলমান, ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে গণভোটের ব্যবস্থা করা, যাতে তারা নিজের ভাগ্য নির্ধারণ করতে পারে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে ধরে আনা অবৈধ ইহুদি অভিবাসীরা এই গণভোটের বাইরে থাকবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা, কথিত ডিল অব দ্য সেঞ্চুরি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ৮০ পৃষ্ঠার এ পরিকল্পনা প্রকাশ করেন তিনি।
২৮ জানুয়ারি (মঙ্গলবার) প্রকাশিত পরিকল্পনায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রস্তাবে পশ্চিমতীরে ইজরাইলের দখলকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে বলে উল্লেখ করা হয়েছে। বিনিময়ে চার বছরের জন্য ইজরাইল দখলকৃত এলাকার সম্প্রসারণ বন্ধ রাখবে। এ সময়টিতে ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি নিয়ে আলোচনা চলবে।
