সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান ইশা ছাত্র আন্দোলনের

সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান

ফাতেহ ডেস্ক :

সীমান্ত হত্যাকাণ্ডে বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করে হত্যার বিচার বাস্তবায়নে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

সংগঠনটির সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, ‘ভারতীয় প্রতিরক্ষা বাহিনী (বিএসএফ) সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করছে, যা কোনোভাবেই একটি প্রতিবেশী বন্ধু দেশের আচরণ হতে পারে না। এটা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এজন্য বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতিই দায়ী।’

তিনি আরও বলেন, ‘অবিলম্বে সীমান্তে সংঘটিত সব হত্যার সুষ্ঠু বিচার কার্যকর করে ভারতকে বন্ধু-রাষ্ট্রের পরিচয় দিতে হবে। নাহলে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি সীমান্তে এই নিষ্ঠুরতা বন্ধে ও হত্যার বিচার বাস্তবায়নে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হতে।’

মানববন্ধনে আরও ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, মহাসচিব নুরুল করীম আকরাম, প্রকাশনা সম্পাদক এইচএম সাখাওয়াত উল্লাহ প্রমুখ।

আগের সংবাদস্কুল-মাদরাসায় শারীরিক শিক্ষার ক্লাসে ‘শাহানা কার্টুন’ দেখানোর নির্দেশ
পরবর্তি সংবাদট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ শতাব্দির সেরা বিশ্বাসঘাতকতা : ইরান