ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রকাশ হচ্ছে আজ, প্রত্যাখ্যান ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর

ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রকাশ হচ্ছে আজ, প্রত্যাখ্যান ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক :

ওয়াশিংটনে ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা বেনি গান্তজের সঙ্গে বৈঠকের পর মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা, কথিত ডিল অব দ্য সেঞ্চুরি আজ মঙ্গলবার প্রকাশ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। খবর আরব নিউজের।

ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার এ পরিকল্পনার নেপথ্যে কাজ করেছেন। বিভিন্ন সময়ে এ পরিকল্পনার বিভিন্ন অংশ সংবাদমাধ্যমে উঠে এলেও যুক্তরাষ্ট্র তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘ফিলিস্তিনিরা প্রথমে এ পরিকল্পনা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে। প্রথমে তারা এটি চাইবে না। তবে এতে তাদের লাভ হবে। বাস্তবে তাদের জন্য এটি খুবই ভালো। তাদের ছাড়া শান্তি পরিকল্পনা চুক্তি করতে পারব না।’

তবে ফিলিস্তিনিরা তার এই উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন। ফিলিস্তিনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, ট্রাম্পের এ পরিকল্পনা পশ্চিমতীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় স্বাধীন রাষ্ট্র গড়ার ফিলিস্তিনিদের আশা গুঁড়িয়ে দেবে।

মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র-ইজরাইল বৈঠকের প্রাক্কালে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ বলেছেন, ‘ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের দেশের অভ্যন্তরীণ নানা সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরাতে এ শান্তি পরিকল্পনাকে কাজে লাগাচ্ছেন ট্রাম্প। আমরা এ পরিকল্পনা প্রত্যাখ্যান করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এতে জড়িত না হওয়ার দাবি জানাচ্ছি।’

আগের সংবাদকুমিল্লায় নামাজ পড়ানো অবস্থায় ইমামের মৃত্যু
পরবর্তি সংবাদসাহওয়া : সৌদিতে ইসলামপন্থী সংস্কার আন্দোলন