ঠাকুরগাঁওয়ের কান্দাল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি

ফাতেহ ডেস্ক :

সীমান্তে আবারও (ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী) বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি এক যুবকের। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে তারা। নিহত শ্রীকান্ত রায় (৩০) উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলুরামের ছেলে।

ঘটনাটি গতকাল রোববার সন্ধ্যা ৬টায় ঘটলেও সোমবার দুপুরে এ খবর জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন। তবে বিজিবি’র পক্ষ থেকে বলা হচ্ছে এ নিয়ে এখন পর্যন্ত বিএসএফ কোনো ধরনের ম্যাসেজ আমাদের দেয়নি।

মৃত্যুর খবর নিশ্চিত করে শ্রীকান্তের ভাই কালুকান্ত গণমাধ্যমকে জানান, রোববার সন্ধ্যায় শ্রীকান্ত ভারতের পাঞ্জাবে ইটভাটায় কাজ করার উদ্দেশ্যে অবৈধপথে কান্দাল সীমান্ত দিয়ে ভারতের খোঁচাবাড়ী ক্যাম্পের সন্নিকটে পৌঁছালে বিএসএফ তাকে উদ্দেশ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে।

তিনি আরও বলেন, সারারাত শ্রীকান্তের মরদেহ পড়ে ছিল সীমান্তের ধারে। সকালে খোঁচাবাড়ী সীমান্তের বিএসএফ সদস্যরা লাশ তুলে নিয়ে গেছে। আমরা সকাল থেকে বিজিবি’র মাধ্যমে বিএসএফ’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এখন পর্যন্ত বিএসএফ’র পক্ষ থেকে কোনো পত্র কিংবা জবাব দেয়নি।

হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল সরকার বলেন, নিহতের পরিবারের লোকজন বলার পর আমি কান্দাল বিজিবি ক্যাম্পে গিয়েছিলাম। বিজিবি’র সদস্যরা পরিষ্কার ঘটনা সম্পর্কে কিছু জানাতে পারেনি। তবে পরিবারের লোকজন লাশ ফেরত নেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

আগের সংবাদকাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ’র পাশে থাকবেন মমতা
পরবর্তি সংবাদব্লাসফেমী আইন পাসের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ