
ফাতেহ ডেস্ক
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ছুটি শেষ হতে আরো একদিন বাকি থাকলেও ভিড় ও ভোগান্তি এড়াতে আগেভাগেই কর্মস্থলে ফিরছেন অনেকে। এদিকে, ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতি যাত্রা শুরু হলেও অনেকে আবার ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন।
ছুটির এখনও বাকি একদিন, তারপরও সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে ঘরফেরত মানুষের ভিড়। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। সাথে নিয়ে এসেছেন প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার সুখস্মৃতি। ভিড় বাড়ার চাপ থেকে বাঁচার জন্যই, মূলত পুরো ছুটি শেষ না করে ঢাকায় ফেরার কথা জানালেন যাত্রীরা।
যাওয়ার সময় শিডিউল বিপর্যয়ে ভোগান্তি হলেও ফিরতি পথে ট্রেনের সময়সূচি ঠিক থাকায় যাত্রা স্বস্তিদায়ক ছিল বলেও জানান তারা। তবে, বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা মানুষের তেমন ভিড় দেখা যায়নি।
এদিকে, এখনও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। সময়মতো টিকিট না পাওয়া বা কর্মস্থলে দায়িত্ব পালনের বাধ্যবাধ্যকতার কারণে যারা আগে যেতে পারেননি, তারাই এখন ছুটছেন প্রিয়জনের সান্নিধ্য পেতে। কমলাপুর রেলস্টেশনেও দেখা গেছে টিকিটের জন্য দীর্ঘ লাইন।
কেউ যাচ্ছেন, কেউ বা আসছেন। রাজধানীতে ফিরে আসা মানুষের ভিড় বাড়তে শুরু করবে শনিবার থেকেই। আবারো কর্মচঞ্চল হয়ে উঠবে ফাঁকা ঢাকা।
