ঢাবির ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক ১, ধর্ষক বলে শনাক্ত করেছে ভিকটিম

ঢাবির ছাত্রী ধর্ষণের ঘটনায় আটক ১, ধর্ষক বলে শনাক্ত করেছে ভিকটিম

ফাতেহ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল মঙ্গলবার রাতভর অভিযানের পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন-কাশেম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার করা ব্যক্তির ছবি ধর্ষণের শিকার ছাত্রীকে দেখানো হয়েছে। তিনি তাঁকে ধর্ষক বলে শনাক্ত করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য গতকাল মঙ্গলবারই জানিয়েছিলেন, ধর্ষণকারীর বিষয়ে ছাত্রীর দেওয়া বিবরণ এবং ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে একাধিক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে তাঁরা শনাক্ত করেছেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী গত রোববার রাতে কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার হন। ধর্ষণের এই ঘটনায় ছাত্রীর বাবা রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, গতকালই আনুষ্ঠানিকভাবে মামলাটির দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি)।

মামলার এজাহার গতকাল ঢাকার আদালতে উপস্থাপন করা হয়। আগামী ২৮ জানুয়ারির মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য গতকাল নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আগের সংবাদইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে এক ঘণ্টায় দু’বার ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
পরবর্তি সংবাদনির্ভয়ার ৪ ধর্ষককে ২২ জানুয়ারি ফাঁসিতে ঝুলাবে দিল্লি