আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের দিল্লিতে মেডিক্যালের ছাত্রী নির্ভয়ার ৪ ধর্ষক ফাঁসিতে ঝুলতে যাচ্ছে। আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় চার দোষী—পবন গুপ্ত, মুকেশ সিং, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর সিংকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। খবর আনন্দবাজার পত্রিকা।
দোষীদের ফাঁসি কার্যকর করার নির্দেশ এগিয়ে আনতে পাতিয়ালা হাউস কোর্টে আরজি জানিয়েছিল নির্ভয়ার পরিবার। তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারির আরজি জানিয়েছিলেন নির্ভয়ার মা আশা দেবী এবং বাবা বদ্রিনাথ সিং।
গত ১৮ ডিসেম্বর সেই আবেদনের শুনানি চলাকালীন ৭ জানুয়ারি পর্যন্ত রায় স্থগিত রাখেন অতিরিক্ত দায়রা বিচারক সতীশ অরোরা। গতকাল মঙ্গলবার তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকের সঙ্গে কথা বলে ওই চার দোষী। তাদের বক্তব্য শোনার পর বিকেল ৫টা নাগাদ রায় দেন বিচারক। তবে দোষীরা চাইলে রায় সংশোধনের জন্য সুপ্রিম কোর্টে আরজি জানাতে পারে। ক্ষমাভিক্ষাও করতে পারে।
আদালত থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন আশা দেবী। সেখানে তিনি বলেন, ‘এই রায়ে আইনি ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরবে। আমার মেয়ে সুবিচার পাবে। সুবিচার পাবে দেশের সব মেয়ে।’
নির্ভয়ার বাবা বদ্রিনাথ বলেন, ‘আদালতের রায়ে খুশি আমি। ২২ জানুয়ারি সকাল ৭টায় দোষীদের ফাঁসি হবে। এই ধরনের অপরাধ যারা ঘটায়, এই রায় তাদের মনে ভয় ধরাবে।’
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের তরুণী নির্ভয়াকে গণধর্ষণ করে ছয় দুষ্কৃতকারী। নির্ভয়া ও তাঁর বন্ধু অবীন্দ্র প্রতাপের ওপর নৃশংস অত্যাচার চালায় তারা। সেই মামলায় আগেই ওই চারজনকে ফাঁসির সাজা শুনিয়েছিলেন সুপ্রিম কোর্ট। ২০১৭ সালে সেই রায় পুনর্বিবেচনা করে দেখতে আদালতে আরজি জানিয়েছিল অক্ষয়। গত মাসেই তার সেই আবেদন খারিজ হয়ে গেছে।
