আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি বাগরামে হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে তালেবান। গত সপ্তাহের বুধবার তালেবান এ হামলা চালানোর পরদিন বৃহস্পতিবার হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটির একটি ছবি প্রকাশ করে পেন্টাগন। ছবিতে দেখা যায় তালেবানের হামলায় ঘাঁটির যাত্রী টার্মিনাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘাঁটির বাইরে মার্কিন বাহিনীর একটি হাসপাতালে হামলার মাধ্যমে বুধবার সকালে বাগরাম ঘাঁটিতে প্রবেশ করে তালেবান। তবে পেন্টাগন দাবি করেছে, তালেবান তাদের মূল ঘাঁটিতে প্রবেশ করতে পারেনি।
ছবিতে দেখা যায়, হাসপাতালের লাগোয়া যাত্রী টার্মিনালের ভেতরের আসবাবপত্র ভেঙ্গে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাছে। মার্কিন সেনারা ধ্বংস্তুপ পরিষ্কার করছে। ৪০৫ এক্সপেডিশনারি সাপোর্ট স্কোয়াড্রনের সেনারা টার্মিনালের অক্ষত অংশ রক্ষার চেষ্টা করছে বলে মিলিটারি.কম জানায়।
সকালে বিস্ফোরণ ঘটিয়ে হামলা শুরুর পর তালেবানরা টানা ১০ ঘন্টা ধরে বন্দুক যুদ্ধ অব্যাহত রাখে। পরে মার্কিন বাহিনী বিমান দিয়ে হামলার মুকাবেলা করার পর লড়াইয়ের অবসান ঘটে।
২০০১ সালে কাবুলের ক্ষমতা থেকে তালেবানকে উৎখাত করে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী। কিন্তু গত ১৮ বছরে তালেবানরা বিদেশী দখলদারিত্বের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। এই ১৮ বছরে তালেবানকে এখনও পরাস্ত করতে পারেনি সুপার পাওয়ার আমেরিকা।
সূত্র : সাউথ এশিয়ান মনিটর
