ভারতের লোকসভায় আজ উত্থাপিত হচ্ছে তিন তালাক বিল

আন্তর্জাতিক ডেস্ক

যে সমস্ত মুসলিম ব্যক্তিরা তাদের স্ত্রীকে তিনবার ‘তালাক’ উচ্চারণ করে তাৎক্ষণিক তালাক বা বিবাহ বিচ্ছেদে বাধ্য করবেন তাদের তিন বছরের জেল হবে। ভারতের লোকসভায় আজ বৃহস্পতিবার পেশ হতে যাচ্ছে এমনি একটি বিল। তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে এটা রোধে এই বিলটি আনা হচ্ছে।

তবে এই বিলটি নিয়ে লোকসভায় বিতর্ক ও আলোচনা হতে পারে। কেননা, প্রথম থেকেই কিছু বিরোধী দল এই তিন তালাক বিল নিয়ে বিরোধিতা করে আসছেন।

লোকসভায় এই বিলটি পেশ করা গেলেও, আশঙ্কা করা হচ্ছে যে সংসদের উচ্চকক্ষে এ নিয়ে বিরাট বিরোধিতার সম্মুখীন হতে হবে কেন্দ্রীয় সরকারকে। রাজ্যসভায় নবীন পট্টনায়েকের বিজু জনতা দল এবং অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসসহ বেশ কয়েকটি বিরোধী দলের এই তিন তালাক বিলের বিরোধিতা করার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এমনকি আশঙ্কা করা হচ্ছে যে, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডও এই বিলের বিরোধিতায় সরব হতে পারে।

কংগ্রেসসহ বেশিরভাগ বিরোধী দলই মুসলিম পুরুষদের কারাদণ্ডের বিধানের বিরোধিতায় সরব হয়েছে। বিরোধীরা দাবি করে যে, একটি গার্হস্থ্য ইস্যুতে এমন শাস্তিমূলক বিধান চালু করা যায় না যা মূলত মানুষের প্রবৃত্তিগত এবং তিন তালাক বিলের বর্তমান ধরণে শিকার হতে হবে মুসলিম সমাজকে।

এদিকে, বিজেপি ২০১৪ সালের থেকেও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই বারবার তিন তালাক বিল পাশ করানোর ব্যাপারে সোচ্চার হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার মনে করেছে, লিঙ্গ সমতা রক্ষার্থে এই বিল পাশ করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগের সংবাদমাদ্রাসাছাত্রের মস্তক উদ্ধার, হত্যার রহস্য উন্মোচন
পরবর্তি সংবাদ‘গুজব’কে হারাম ফতোয়া দিয়েছে জর্ডানের ইফতা বিভাগ