তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ৪৫ বছর বয়সী প্রতিবেশী

ফাতেহ ডেস্ক

তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কাছির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল কাঁঠালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুর পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে শিশুটি খেলছিল। এ সময় প্রতিবেশী সম্পর্কে দাদা তিন সন্তানের জনক কাছির উদ্দিন ওই শিশুকে কলা দেয়ার কথা বলে তার বাড়িতে ডেকে নেয়। এরপর শিশুটির শরীরে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে শিশু বাড়িতে এসে তার বাবা-মাকে বিষয়টি জানায়। এ ঘটনার পর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলে বিকেলে বাড়ি থেকে কাছির উদ্দিনকে আটক করে পুলিশ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, শিশুটিকে উদ্ধার করে আলামত পরীক্ষা ও চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় কাছির উদ্দিনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, ইতোপূর্বে কাছির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে এবং গ্রামে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে।

আগের সংবাদশূন্য বুকের দীর্ঘশ্বাস
পরবর্তি সংবাদহাম্মাদ তাহমীমের সমকালীন একগুচ্ছ ছড়া