হাম্মাদ তাহমীমের সমকালীন একগুচ্ছ ছড়া

দেশ গিয়েছে ডুবে

পাশের সিটের মুরব্বি কন
‘দেশ গিয়েছে ডুবে’
মন্ত্রীসহ সবার উপর
ফেটে পড়েন ক্ষোভে

‘এই যে দেখো ছাড়ছে না ট্রেন
তিরিশ মিনিট ওভার,
ট্রেনের মতই টালবাহানার
স্বভাব এখন সবার’

ট্রেন ছেড়েছে চলছে সাথে
চাচার ক্ষোভের কথা,
সব বিষয়েই চাচার আছে
বিশাল অভিজ্ঞতা

মধ্যপথে আসলো যখন
টিকিট চেকার দুজন,
বুঝতে পারি এতোক্ষণে
চাচার কথার ওজন

টিকিট কাটা হয়নি চাচার
পাননি সময় তিনি
মধ্যপথে হচ্ছে এখন
টিকিট বিকিকিনি

 

রিকশাওয়ালা

‘এই যে মামা যাবেন নাকি
জিতু মিয়ার মোড়ে?’
এমন ডাকে রিকশাওয়ালার
মেজাজটা ফুরফুরে

রিকশাওয়ালা রিকশা টানে
ভাগিনা তার সিটে
রৌদ্রতাপে রিকশাওয়ালার
ঘাম ভেসে যায় পিঠে

‘জিতু মিয়ার মোড় এসেছি
কোথায় নামাই বলেন’
রিকশাওয়ালার ভাগিনা কয়
‘একটু সামনে চলেন’

এক কিলো পার হওয়ার পরে
রিকশা থেমে গেল,
রিকশাওয়ালা তখন শুধু
মোড়ের ভাড়াই পেলো

রিকশাওয়ালা অবাক হয়ে
বললো ‘মামা একি!
এক কিলো পার হওয়ার পরও
মোড়ের ভাড়াই দেখি!’

এমন কথা শোনার পরে
ভাগিনা যায় খেপে,
‘হারামজাদা’ বলেই ধরে
মামার কলার চেপে

রিকশাওয়ালা মামা ছিল
যাত্রা শুরুর কালে
যাত্রা শেষে মার খেতে হয়
ঘাম লাগা দুইগালে

 

প্রযুক্তি

প্রযুক্তিটা রেলগাড়ি আর
আমরা সবাই প্যাসেঞ্জার
টিভি-পেপার বেকার এখন
প্রযুক্তিটাই ম্যাসেঞ্জার
সদ্য পাওয়া সংবাদও আর
পায় না জা’গা কলজেতে
জানলা দিয়ে দেখছি সবাই
হরেক নিউজ-দল যেতে
এই দেখেছি লাশ পড়েছে
এই দেখি নেই এইখানে
এক মিনিটেই গুম হয়ে লাশ
নতুন নিউজ সেইখানে
কোথাও দেখি কাঁদছে মানুষ
কারণ খোঁজার কই সময়?
বদলে গেল দৃশ্য এবার
হাসছে কজন ঐসময়
কোথাও দেখি বিশ্ব জ্বলে
বিশ্বনেতার কূট-বলে
বোঝার আগেই বদলে নিউজ
ক্রিকেট কি-বা ফুটবলে

প্রযুক্তিটা দিচ্ছে নিউজ
এই কাজে সে দক্ষ তো
সবগুলো নিজ জায়গাতে
রয় পূর্ণরূপে অক্ষত।

হাম্মাদ তাহমীম তরুণ ছড়াকার, মৌলভীবাজার

আগের সংবাদতিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ৪৫ বছর বয়সী প্রতিবেশী
পরবর্তি সংবাদধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করেছে বাংলাদেশের সংবিধান : পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন