আন্তর্জাতিক ডেস্ক :
নিজেদের সমুদ্রে তেল অনুসন্ধানে তুরস্ককে আমন্ত্রণ জানিয়েছে সোমালিয়া। গত বছর লিবিয়ার সঙ্গে আংকারা একটি নৌচুক্তি সইয়ের পর নতুন এই খবর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। খবর রয়টার্সের।
বার্লিনের লিবিয়া সম্মেলন থেকে ফিরে আসার পর এরদোগান সাংবাদিকদের বলেন, সোমালিয়া থেকে একটি প্রস্তাব এসেছে। তারা বলেছেন— আমাদের সমুদ্রে তেল আছে। লিবিয়ার সঙ্গে আপনারা এই অভিযান চালিয়ে আসছেন, এখানেও সেটা করতে পারেন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সোমালিয়ার আমন্ত্রণ অনুসারে পদক্ষেপ নেবে তুরস্ক। তবে এর বাইরে কোনো তথ্য তিনি দেননি।
উল্লেখ্য, ২০১১ সালের দুর্ভিক্ষের পর সোমালিয়ার সহায়তার সবচেয়ে বড় একটি উৎস তুরস্ক। উসাগরীয় বৈরী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রভাব মোকাবেলায় হর্ন অফ আফ্রিকায় প্রভাব বাড়াতে চাচ্ছে আংকারা। সোমালিয়ায় সড়ক নির্মাণে সহায়তা করছেন তুর্কি প্রকৌশলীরা। আর দেশটির সেনাবাহিনীকে গড়ে তুলতে প্রশিক্ষণ সহায়তা করছে তুরস্কের সেনা কর্মকর্তারা।
